আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ মে ৷৷ শনিবার ছিল কেন্দ্রীয় মোদী সরকারের চতুর্থ বর্ষপূর্তি। কেন্দ্রীয় বিজেপি সরকারের এই চতুর্থ বর্ষপূর্তিকে বিশ্বাসঘাতকতা দিবস হিসেবে পালন করলো কংগ্রেস। গোটা দেশের সাথে রাজ্যেও এই দিবসটি পালন করলো ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। আগরতলার রাজপথে বিশ্বাসঘাতকতা দিবসের অঙ্গ হিসেবে শনিবার দুপুরে প্রতিবাদ মিছিল সংগঠিত করে কংগ্রেস। নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিশেষ করে পেট্রোলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এদিন মিছিলে দড়ি দিয়ে গাড়ি ও মোটরসাইকেল বেঁধে রাস্তায় টেনে নিয়ে যান দলের সমর্থকরা। প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা বলেন, লোকসভা নির্বাচনের আগে দেশবাসীকে প্রতিশ্রুতি দিয়েছিল নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য কমবে। কিন্তু নির্বাচনের পর থেকে প্রতিদিন মূল্য বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে জ্বালানী তেলের দাম সবচেয়ে বেশি বৃদ্ধি পাচ্ছে। বিজেপি সরকার ভারতবাসীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।