আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩১ অক্টোবর ৷। ভালোবাসা ফিরিয়ে দেওয়ার দাবিতে প্রেমিকার বাড়ির সামনে ধর্মঘটে বসল রাজ্যের এক যুবক। ঘটনা রাজ্যের পশ্চিম ত্রিপুরা জেলার সিধাই থানার তুলাবাগান এলাকায়। জানা যায়, বৃহস্পতিবার দুপুরের দিকে আকাশ সরকার নামে এক যুবক প্ল্যাকার্ড হাতে নিয়ে তার প্রেমিকার বাড়ির সামনে বসে। প্ল্যা কার্ডে লেখা ছিল ‘পূজা আমার ভালোবাসা ফিরিয়ে দাও।’ লেখার পাশে সেঁটে দেওয়া প্রেমিকার সঙ্গে আকাশের অন্তরঙ্গ একটি ছবিও। এসব দেখে তাকে ঘিরে ভিড় জমিয়েছে কৌতূহলী মানুষজন। জানা যায়, আকাশ মোহনপুর এলাকার স্বামী বিবেকানন্দ কলেজের ছাত্র। মেয়েটি তার প্রেমিকা ও সহপাঠী। আকাশ জানায়, দীর্ঘ সাত বছরের প্রেমের সম্পর্ক ছিল মেয়েটির। কিন্তু হঠাৎ মেয়েটি আর আকাশের সঙ্গে যোগাযোগ করছেন না। তাই তিনি প্রেমিকাকে ভালোবাসা ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে ধর্মঘটে বসেছেন।আকাশের প্রেমিকা অর্থাৎ মেয়েটি সাংবাদিকদের জানান, ছেলেটির সঙ্গে মেয়েটির প্রেমের সম্পর্ক ছিল এটা ঠিক। কিন্তু মেয়েটি অভিযোগ করে বলেন, আকাশ সন্দেহের বশবর্তী হয়ে তার উপর শারীরিক নির্যাতন করত। তাই পরিবারের তরফে ভবিষ্যতের কথা চিন্তা করে মেয়েটিকে এইসম্পর্ক থেকে সরে যেতে বললে সে ছেলেটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে।
এদিকে অনেক চেষ্টা করেও আকাশকে বাড়ির সামনে থেকে সরাতে ব্যর্থ হয়ে সিধাই থানায় মৌখিকভাবে অভিযোগ করেছে মেয়ের পরিবার। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আকাশকে বুঝিয়ে সরানোর চেষ্টা করে, কিন্তু তিনি নিজের দাবিতে অনড় ছিল আকাশ।
