কৃষকদের মাঝে পাওয়ারটিলার যন্ত্রাংশ ও শংসাপত্র বিতরণ

গোপাল সিং, খোয়াই, ১৬ মে || কৃষি প্রধান খোয়াই জেলার কৃষকদের অর্থনৈতিক স্বাবলম্বন ও আধুনিকীকরণের লক্ষ্যে এক বিশেষ উদ্যোগ গ্রহণ করল খোয়াই পদ্মবিল কৃষি মহকুমা কার্যালয়। শুক্রবার পদ্মবিল এলাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে মহকুমার বহু সংখ্যক প্রগতিশীল কৃষকদের হাতে বিভিন্ন আধুনিক কৃষি সামগ্রী ও সরকারি শংসাপত্র তুলে দেওয়া হয়।
এদিনের এই সরকারি কৃষি সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিপ্রামথা পার্টির রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়ক রঞ্জিত দেববর্মা। তাঁর উপস্থিতিতেই এলাকার সুবিধাভোগী (বেনিফিসিয়ারী) কৃষকদের হাতে ‘পড্রে-প্যাড’ স্কিমের অধীনে ‘পাওয়ারটিলা’-র বিভিন্ন জরুরি পণ্যসামগ্রী এবং সনদপত্র বা শংসাপত্র আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
কৃষকদের হাতে সামগ্রী তুলে দিয়ে বিধায়ক রঞ্জিত দেববর্মা নিজের প্রতিক্রিয়ায় জানান, রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রের সাধারণ মানুষ ও কৃষিজীবী ভাইবোনেরা যাতে সরকারের সমস্ত সুযোগ-সুবিধা সরাসরি পান, তার জন্য কৃষি মহকুমা দপ্তর নিরলস কাজ করে যাচ্ছে। এই ধরণের সরকারি সহায়তা স্থানীয় কৃষকদের উৎপাদনশীলতা বাড়াতে আরও সাহায্য করবে।
অনুষ্ঠানে উপস্থিত সুবিধাভোগী কৃষক ও সাধারণ জনগণের উদ্দেশ্যে বিধায়ক আহ্বান জানিয়ে বলেন, নিজেদের অর্থনৈতিক বুনিয়াদ শক্ত করার পাশাপাশি জনগণের সামগ্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কৃষকদের আরও কঠোর পরিশ্রম করতে হবে। কৃষির বিকাশ ঘটলেই গ্রামীণ অর্থনীতির বুনিয়াদ মজবুত হবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন। আধুনিক কৃষি যন্ত্রাংশ হাতে পেয়ে পদ্মবিল এলাকার উপভোক্তা কৃষকদের মধ্যে ব্যাপক খুশির আমেজ লক্ষ্য করা গেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*