বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৬ মে || শনিবার ভোরে শান্তিরবাজার মহকুমার কালাপাড়া ও দুর্গরাইপাড়ার মাঝামাঝি রেললাইনে এক মর্মান্তিক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে। সাব্রুম-আগরতলাগামী চলন্ত ট্রেনের ধাক্কায় ওই যুবকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে খবর, ভোর আনুমানিক ৬টা নাগাদ রেললাইনের উপর ক্ষতবিক্ষত অবস্থায় এক যুবকের দেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন। উল্লেখ্য, অতীতেও একই এলাকায় ট্রেন দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান মনপাথর থানার ওসি জয়ন্ত দাসসহ পুলিশ বাহিনী। নিহত যুবকের পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। দুর্ঘটনার তীব্রতায় মৃতের মাথা ও মুখ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
মনপাথর থানার ওসি জয়ন্ত দাস জানান, প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে সাব্রুম থেকে আগরতলাগামী ট্রেনের ধাক্কাতেই এই দুর্ঘটনা ঘটে। কীভাবে যুবকটি রেললাইনে পৌঁছেছিল বা দুর্ঘটনার সঠিক কারণ কী, তা খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয়দের একাংশের ধারণা, যুবকটি হয়তো সকালে হাঁটতে বেরিয়েছিল এবং অসাবধানতাবশত রেললাইনে চলে আসায় দুর্ঘটনার শিকার হয়। যদিও এই বিষয়ে এখনও কোনও সরকারি নিশ্চিত তথ্য সামনে আসেনি।
পরবর্তীতে খবর পেয়ে শান্তির বাজার দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শান্তির বাজার জেলা হাসপাতালে পাঠায়। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।
এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
