আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ জুলাই || সারা ভারত যুব ফেডারেশনের (AIYF) ডাকে দেশব্যাপী কর্মসূচির অঙ্গ হিসেবে শুক্রবার সারা রাজ্যে বিভিন্ন মহকুমায় সবার হাতে কাজ, BNEGA (ভগৎ সিং ন্যাশনাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি এক্ট) লাগু করা, সার্বজনীন কোভিড টিকা প্রদান করা এবং পেট্রল-ডিজেল-গ্যাস সহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসের অস্বাভাভিক মূল্যবৃদ্ধি রোধের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এদিন আগরতলা রাজ্যের কেন্দ্রীয় কার্যালয়ে কর্মসূচি পালন করা হয় কৃষ্ণনগরে। বিক্ষোভ কর্মসূচির নেতৃত্ব দেন AIYF রাজ্য সম্পাদক বিক্রমজিৎ সেনগুপ্ত। AIYF কমলপুর বিভাগীয় পরিষদের ডাকে চার দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় দূর্গা চৌমুহনী, মানিকভান্ডার, হাহাহালি সহ বিভিন্ন অঞ্চলে। মূল কর্মসূচির নেতৃত্ব দেন AIYF রাজ্য সভাপতি অজিত দাস। শান্তিরবাজার মহকুমায় লক্ষীছড়া অঞ্চলে ইফ’এর ডাকে চার দফা দাবিতে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় AIYF রাজ্য সহ-সম্পাদক সত্যজিৎ রিয়াং’এর নেতৃত্বে। কুমারঘাট মহকুমায় ইফ’এর ডাকে চার দফা দাবিতে কর্মসূচি পালন করা হয় AIYF কুমারঘাট মহকুমা সম্পাদক মৃনাল বসাক’এর নেতৃত্বে।
