আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ আগষ্ট || দ্বিতীয় বারের মতো রাজ্যে আসলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক অভিষেক ব্যানার্জি। রবিবার আগরতলাস্থিত এম বি বি বিমানবন্দরে উনাকে স্বাগত জানান রাজ্যের তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা। রাজ্যে এসেই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। এরপর তিনি সোজা রওনা দেন খোয়াইয়ের উদ্দেশ্যে। মহামারী আইনে গ্রেপ্তার হওয়া ১৪ জন তৃণমূল কর্মীদের ছাড়াতেই খোয়াই থানায় যান তিনি। সঙ্গে ছিলেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, নেত্রী দোলা সেন সহ একঝাঁক নেতা-নেতৃরা। খোয়াই থানায় চলে পুলিশের সাথে বাকবিতন্ডিতা। পরবর্তী সময় যদিও জামিন পেয়ে যান মহামারী আইনে গ্রেপ্তার হওয়া ১৪ জন তৃণমূল কর্মীরা। এনিয়ে দিনভর অনেক জলঘোলা হয় রবিবার।
অপরদিকে থানার সামনেই একদল যুবক জমায়েত হয় কালো পতাকা নিয়ে। অভিষেক গো ব্যাক, তৃণমূল গো ব্যাক, স্লোগান উঠে। এনিয়ে উত্তপ্ত পরিবেশ খোয়াইয়ে।
বিকেলে রাজধানী আগরতলায় ফিরে সাংবাদিক সম্মেলন করেন অভিষেক ব্যানার্জী। ঠিক তার আগেই অভিষেক ব্যানার্জীর সাংবাদিক সম্মেলনে আসা সাংবাদিকদের রাজধানীর পোলো টাওয়ার হোটেলের ভেতর ঢুকতে দেয়নি পশ্চিমবঙ্গ পুলিশ। সাংবাদিকরা দীর্ঘক্ষন বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে বিক্ষোভ দেখায়।
