আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ মে || রাজ্যেও উদযাপিত হল জাতীয় নার্সিং সপ্তাহ – ২০২২ এবং আন্তর্জাতিক নার্সেস দিবস। বুধবার বিবেকানন্দ বিচার মঞ্চ এবং আই জি এম হাসপাতালের নার্সিং স্টাফের যৌথ ব্যবস্থাপনায় জাতীয় নার্সিং সপ্তাহ – ২০২২ ও আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষ্যে এক মেগা রক্তদান শিবিরে আয়োজন করা হয়। এদিনের এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, প্রথমবারের মতো রাজ্যে সূচনা হওয়া বিভিন্ন জটিল রোগের চিকিৎসা সহ জেলা ও মহকুমা স্তর পর্যন্ত অত্যাধুনিক স্বাস্থ্য পরিষেবা ও পরিকাঠামোগত বিকেন্দ্রীকরণের মাধ্যমে স্বাস্থ্য সুরক্ষা সুনিশ্চিত হচ্ছে। রাজ্যের বাইরে গিয়ে চিকিৎসার বদলে, বর্তমানে ত্রিপুরাতেই অধিকাংশ উন্নত চিকিৎসার ফলশ্রুতিতে রেফার সংখ্যায় হ্রাস, চিকিৎসা ব্যায় লাঘব সম্ভবপর হচ্ছে। ফলে, বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে, বিভিন্ন বেসরকারি হাসপাতালের রাজ্যে বিজ্ঞাপনের প্রবণতাও হ্রাস পেয়েছে বলে জানান তিনি।
মুখ্যমন্ত্রী বলেন, আমার দৃষ্টিতে ত্রিপুরার সমস্ত চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরাই নিজ নিজ ক্ষেত্রে শ্রেষ্ঠ। রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রে সংযোজিত প্রতিটি সাফল্য পালকের অন্যতম কৃতিত্ব তাঁদের। তিনি বলেন, বিভিন্ন রোগ-ব্যাধি নিয়ে চিকিৎসার সুযোগ গ্রহণ করতে আসা রোগীদের মানসিক অবস্থা যথার্থ অনুধাবনের দ্বারা, হাসপাতালে প্রবেশের প্রাথমিক লগ্ন থেকেই, নিরাপত্তা কর্মী, নার্স সহ অন্যান্য স্বাস্থ্য কর্মীদের, মনোবল বর্ধক ও আপ্যায়নসুলভ ইতিবাচক কথোপকথন, সুস্থতার জন্য এক আত্মবিশ্বাস ও মানসিক শক্তি প্রদানে সহায়ক। রোগীর পরিজন ও স্বাস্থ্য কর্মীদের পরিস্থিগত পারস্পরিক আন্তরিকতা ও বোঝাপড়া, আরও উন্নত স্বাস্থ্য পরিষেবা প্রদানে সহায়ক।
মুখ্যমন্ত্রী বলেন, মহিলা বা পুরুষ উভয় নার্সদের রোগীদের প্রতি মাতৃসুলভ ব্যবহার করতে হবে। হাসপাতালে প্রবেশের সময় দাড়োয়ান থেকে শুরু করে যিনি রোগীকে ভিতরে নিয়ে যাবেন তিনি এবং পরবর্তীতে নার্সদের আচরন ও সদব্যবহারই রোগী ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে করতে হবে। আমি চাই কোনো একদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর মন কি বাত অনুষ্ঠানে বলুক যে ত্রিপুরার নার্সরা দেশের মধ্যে সবচেয়ে ভালো কাজ করে।
