আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ মার্চ || রাজ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সন্ত্রাসের বিরুদ্ধে বামফ্রন্ট এবং কংগ্রেস রাজ্য পুলিশের মহা নির্দেশকের কাছে ডেপুটেশন প্রদান করে। সোমবার দুপুরে বামফ্রন্ট এবং কংগ্রেস দুই দলের প্রতিনিধি দলটি পুলিশের সদর কার্যালয়ে গিয়ে সন্ত্রাস বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করার জন্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জনের কাছে দাবি জানিয়ে আসেন।
ডেপুটেশন প্রদানের পর বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর বলেন, সন্ত্রাসে হাজার হাজার মানুষ বাড়িঘর ছেড়ে জঙ্গলে গিয়ে আশ্রয় নিয়েছে। মানুষ পুলিশের কাছে গিয়ে মামলা পর্যন্ত করার সাহস পাচ্ছে না। তাই মানুষের উপর থেকে এই অত্যাচার বন্ধ করতে পুলিশকে ভূমিকা নিতে হবে এবং ঘটনার সুষ্ঠু তদন্ত করতে অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে বলে দাবি জানান তিনি।
এদিন প্রতিনিধি দলে বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর ছাড়াও উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা আশিষ কুমার সাহা, সিআইটিইউ রাজ্য সভাপতি মানিক দে, আরএসপি নেতা দীপক দেব, ফরওয়ার্ড ব্লক নেতা রঘুনাথ সরকার প্রমুখ।
