আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ এপ্রিল || ২০২৩-২৪ অর্থ বছরের প্রথম চার মাসের জন্য ত্রিপুরা সরকার ভোট অন একাউন্ট পেশ করেছে।সেই মোতাবেক আগরতলা পুর নিগমও আগামী চার মাসের জন্য ভোট অন একাউন্ট পেশ করেছে। আগামী চার মাসের জন্য ১৪২ কোটি ১০ লক্ষ টাকার ভোট অন একাউন্ট পেশ করেছে আগরতলা পুর নিগম। আগামী ২৬শে এপ্রিল তা গৃহীত হবে। সোমবার আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এতথ্য দিন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এদিন মেয়র বলেন, আগামী চার মাসে পুর নিগমের আয় ১৪১ কোটি ৮৮ লক্ষ ৯৩ হাজার টাকা হবে বলে অনুমান করা হচ্ছে। ঘাটতি থাকবে ২১ লক্ষ ৫২ হাজার টাকা। তিনি বলেন, ভোট অন একাউন্টে বরাদ্দ অর্থে শহরবাসীর উন্নয়ন এবং পরিবেশকে সুন্দর, স্বচ্ছ ও যানজট মুক্ত করার লক্ষ্যে পুর নিগম কাজ করবে।
