বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৬ আগস্ট || যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শনিবার ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন করল শান্তির বাজার মহকুমা। স্বাধীনতা দিবসের বিভিন্ন কর্মসূচির পাশাপাশি এদিন সড়ক নিরাপত্তা ও যানবাহন চালকদের সচেতন করতে বিশেষ উদ্যোগ নেয় শান্তির বাজার আরক্ষা প্রশাসন।
বর্তমানে হেলমেট ছাড়া বাইক চালানো এবং অতিরিক্ত গতির কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এই পরিস্থিতিতে স্বাধীনতা দিবসের দিন বাইক চালকদের হেলমেট পরিধান করে এবং নির্ধারিত গতিসীমা মেনে যান চালানোর পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি ট্রাফিক আইন মেনে চলার বিষয়েও চালকদের সচেতন করা হয়।
সচেতনতা কর্মসূচির অন্যতম আকর্ষণ ছিল বাইক চালকদের হাতে জাতীয় পতাকা তুলে দেওয়া। স্বাধীনতা দিবসের আবেগ ও দেশাত্মবোধকে সামনে রেখে আরক্ষা প্রশাসনের পক্ষ থেকে চালকদের হাতে জাতীয় পতাকা তুলে দিয়ে নিরাপদ ও দায়িত্বশীলভাবে যান চালানোর বার্তা দেওয়া হয়।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শান্তির বাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং। তিনিও কর্মসূচিতে অংশ নিয়ে বাইক চালকদের হাতে জাতীয় পতাকা তুলে দেন এবং সড়ক নিরাপত্তার বিষয়ে সচেতন করেন।
শান্তির বাজার আরক্ষা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। স্বাধীনতা দিবসের মতো বিশেষ দিনে দেশপ্রেমের বার্তার সঙ্গে সড়ক নিরাপত্তার সচেতনতা যুক্ত করার এই উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে।
কর্মসূচি সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে বিস্তারিত জানান শান্তির বাজার থানার এসআই সপন সেন।
