দেবজিত চক্রবর্তী, আগরতলা, ১১ এপ্রিল ।। বিরোধী দলনেতা সুদীপ রায় বর্মণ ত্রিপুরায় চিটফান্ডের বাড়বাড়ন্তে রাজ্য সরকার এবং মূখ্যমন্ত্রীর জড়িত থাকার অভিযোগ নিয়ে ভিন্ন রাজ্যে গিয়ে জাতীয়স্তরের সংবাদ মাধ্যমের সামনে সরব হয়েছেন। এই ঘটনা নিয়ে রাজ্য কংগ্রেসের কোনো রকম কর্মসূচীর সংবাদ না থাকলেও শনিবার যুব কংগ্রেস, মহিলা কংগ্রেস, সেবা দল, এন.এস.ইউ.আই. চিটফান্ড কান্ডে বিরোধীদলের নেতার তোলা অভিযোগ নিয়ে মূখ্যমন্ত্রী তথা সরকারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিলের আয়োজন করে। পথ পরিক্রমার শেষে মিছিল প্যারাডাইস চৌমুহনীতে বিক্ষোভ সভায় মিলিত হয়। রাজ্য যুব কংগ্রেস সভাপতি সুশান্ত চৌধুরী চিটফান্ড নিয়ে মূখ্যমন্ত্রী ও প্রশাসনের বিরুদ্ধে তীব্র ভাষায় সমালোচনা করে বক্তব্য রাখেন।
