আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ মার্চ || ইতিমধ্যেই বেজে গেছে লোকসভা নির্বাচনের দামামা। ঘোষণা করা হয়ে গেছে লোকসভা নির্বাচনের দিনক্ষণ। ত্রিপুরায় দুইটি লোকসভা আসনে দুই দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ১৯শে এপ্রিল এবং পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ২৬শে এপ্রিল ভোটগ্রহণ করা হবে। লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে ৪ঠা জুন।
শনিবার নয়াদিল্লীতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার লোকসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করে জানান, আগামী ২০শে মার্চ পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ভোটের বিজ্ঞপ্তি জারি হবে। মনোনয়ন পত্র জমা দেওয়ার অন্তিম তারিখ ২৭শে মার্চ। মনোনয়নপত্র স্ক্রুটিনি করা হবে ২৮শে মার্চ। মনোনয়নপত্র প্রত্যাহার করার অন্তিম দিন ৩০ শে মার্চ স্থির হয়েছে। ভোট গ্রহণ ১৯শে এপ্রিল এবং ফলাফল ৪ঠা জুন।
তিনি জানান, লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা আসনে মোট ভোটারের সংখ্যা ১৪ লক্ষ ৬১ হাজার ৮৩৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৭ লক্ষ ৩৩ হাজার ৪৬৪ জন, মহিলা ভোটার ৭ লক্ষ ২৮ হাজার ৩১৪ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৬৮ জন।
পাশাপাশি তিনি জানান, আগামী ২৮শে মার্চ পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ভোটের বিজ্ঞপ্তি জারি হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার অন্তিম তারিখ ৪ঠা এপ্রিল। মনোনয়নপত্র স্ক্রুটিনি করা হবে ৫ই এপ্রিল। মনোনয়নপত্র প্রত্যাহার করার অন্তিম দিন ৮ই এপ্রিল স্থির হয়েছে। পূর্ব ত্রিপুরা লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ ২৬শে এপ্রিল এবং ফলাফল ৪ঠা জুন ঘোষণা হবে।
তিনি জানান, পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে মোট ভোটারের সংখ্যা ১৩ লক্ষ ৯৫ হাজার ৮৯ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৭ লক্ষ ১ হাজার ৭০৮ জন, মহিলা ভোটার ৬ লক্ষ ৯৩ হাজার ৩৬৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১৬ জন।
উল্লেখ্য, ১৬ই মার্চ, ২০২৪ (শনিবার) ভারতের লোকসভা নির্বাচন-২০২৪ এর দিনক্ষণ ঘোষণা করে ভারতের নির্বাচন কমিশন। গোটা দেশে ৭ দফায় ৫৪৩টি আসনে হবে ভোট। ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হবে আগামী ১৯শে এপ্রিল থেকে। ৪ঠা জুন হবে গণনা।
ভারতের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানান, ত্রিপুরা, বিহার, গুজরাট, হরিয়ানা , ঝাড়খন্ড, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ, তেলাঙ্গানা, পশ্চিম বঙ্গ, কর্নাটক, তামিলনাড়ু ও রাজস্থানে উপনির্বাচন হবে। লোকসভার সঙ্গেই সেই উপনির্বাচন হবে। তিনি জানান, সিকিম, ওড়িশা, অরুণাচল প্রদেশ এবং অন্ধ্রপ্রদেশ, এই চার রাজ্যে লোকসভা নির্বাচনের সঙ্গে বিধানসভা নির্বাচন হবে।
এদিন ভারতের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানান, আগামী ১৯শে এপ্রিল প্রথম দফায় ২১টি রাজ্যে ভোট হবে। ২৬শে এপ্রিল দ্বিতীয় দফায়, ৭ই মে তৃতীয় দফায়, ১৩ই মে চতুর্থ দফায়, ২০শে মে পঞ্চম দফায়, ২৫শে মে ষষ্ঠ দফায় এবং ১লা জুন সপ্তম দফায় ভোট হবে।
