অসংগঠিত শ্রমিকদের দাবি আদায়ে ডেপুটেশন গ্রাম উন্নয়ন মন্ত্রকে

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ জুন || শুক্রবার অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেসের পক্ষ থেকে ৭ দফা দাবির ভিত্তিতে গ্রাম উন্নয়ন মন্ত্রণালয়ের সচিবের নিকট এক ডেপুটেশন প্রদান করা হয়। এদিন সকালে আগরতলাস্থিত ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবন থেকে এক বর্ণাঢ্য মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে গ্রাম উন্নয়ন মন্ত্রণালয়ে পৌঁছায়। সেখানেই সংগঠনের পক্ষ থেকে ডেপুটেশন পেশ করা হয়।
এই কর্মসূচির নেতৃত্ব দেন অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেসের চেয়ারম্যান শান্তনু পাল। তিনি উপস্থিত সাংবাদিকদের সামনে সংগঠনের দাবিসমূহ বিস্তারিতভাবে তুলে ধরেন। দাবি সমূহের মধ্যে ছিল—অসংগঠিত শ্রমিকদের ন্যায্য মজুরি, স্বাস্থ্য সুরক্ষা, সামাজিক নিরাপত্তা, শ্রমিকদের জন্য আবাসন এবং বয়স্কদের পেনশন ইত্যাদি।
শান্তনু পাল বলেন, “অসংগঠিত খাতে কাজ করা শ্রমিকরা প্রতিদিন রক্ত-ঘাম ঝরিয়ে রাজ্যের উন্নয়নে ভূমিকা রাখছেন। অথচ আজও তারা উপেক্ষিত। আমরা তাদের ন্যায্য অধিকারের দাবিতেই আজ রাস্তায় নেমেছি।”
উল্লেখ্য, এই ডেপুটেশন কর্মসূচিতে সংগঠনের বিপুল সংখ্যক সদস্য ও সমর্থক অংশগ্রহণ করেন। শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন হলেও দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন সংগঠনের নেতৃত্ব।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*