আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ জুন || অষ্টম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলার ইন্দ্রনগর আইটি ভবনে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে আইলজিট্রন টেকনোলজিস প্রাইভেট লিমিটেড। প্রতিষ্ঠা দিবসকে ঘিরে সংস্থার উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। একই সঙ্গে সংস্থার কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিলের আওতায় দুইটি বিদ্যালয়ে কম্পিউটার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এছাড়াও উপস্থিত ছিলেন তথ্যপ্রযুক্তি দপ্তরের অধিকর্তা এবং আইলজিট্রন টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের অধিকর্তা দেবাশীষ ধর-সহ সংস্থার অন্যান্য কর্মকর্তা, কর্মচারী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, “তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে ত্রিপুরা এখন অনেকটাই এগিয়ে গিয়েছে। আগামী দিনে রাজ্যের যুবকদের জন্য আরও বেশি সংখ্যায় তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান বৃদ্ধির মাধ্যমে রাজ্যের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।”
তিনি আরও বলেন, সমাজের প্রতি দায়বদ্ধতার অংশ হিসেবে রক্তদান এবং শিক্ষাক্ষেত্রে প্রযুক্তিগত সহায়তা প্রদানের মতো উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এই ধরনের সামাজিক কর্মকাণ্ড অন্য প্রতিষ্ঠানগুলিকেও জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণে উৎসাহিত করবে।
অষ্টম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে একদিকে যেমন সংস্থার সাফল্যের আট বছরের পথচলা উদযাপিত হয়েছে, তেমনি সমাজের প্রতি তাদের দায়বদ্ধতার বার্তাও তুলে ধরা হয়েছে। অনুষ্ঠানের শেষে উপস্থিত অতিথিরা সংস্থার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
