বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২১ জুন || আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রবিবার সকাল সাড়ে ৭টায় দক্ষিণ ত্রিপুরার শান্তির বাজারের রামঠাকুর আশ্রমে মহকুমাভিত্তিক ১২তম বিশ্ব যোগ দিবস উদযাপিত হয়। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন স্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের সূচনায় বৃক্ষরোপণ ও গাছে জল দিয়ে শুভ উদ্বোধন করেন শান্তির বাজার পুরপরিষদের চেয়ারম্যান স্বপ্না বৈদ্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তির বাজার মহকুমাশাসক তরুণ কান্তি সরকার, বগাফা ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মনোজ পাল, বগাফা ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান কৃষ্ণা রিয়াং, বিশিষ্ট সমাজসেবী দেবাশীষ ভৌমিক, শান্তির বাজার মহকুমা ক্রীড়া দপ্তরের আধিকারিক সজল চক্রবর্তীসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখতে গিয়ে মহকুমাশাসক তরুণ কান্তি সরকার বলেন, “আজ বক্তব্য দেওয়ার দিন নয়, আজকের দিনটি যোগচর্চার দিন। যোগব্যায়ামের মাধ্যমে মানুষের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে। তাই সুস্থ ও সুষম জীবনযাপনের জন্য প্রত্যেকেরই দৈনন্দিন জীবনে যোগচর্চাকে অন্তর্ভুক্ত করা উচিত।”
পরে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীরা একত্রিত হয়ে বিভিন্ন ধরনের যোগাসন অনুশীলন করেন। সমগ্র অনুষ্ঠান জুড়ে উপস্থিতদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উদ্যম লক্ষ্য করা যায়, যা যোগব্যায়ামের প্রতি মানুষের ক্রমবর্ধমান আগ্রহেরই প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
