আগরতলা স্টেশনে গাঁজা ও কফ সিরাপ পাচার রুখল জিআরপি, ধৃত এক যুবতী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ জুন || রাজ্যের রাজধানী আগরতলা রেল স্টেশনে মাদক পাচার রুখে দিল জিআরপি। সোমবার রাতে গাঁজা পাচারের অভিযোগে এক যুবতীকে গ্রেফতার করেছে রেল পুলিশ। একইসঙ্গে পৃথক অভিযানে রাজধানী এক্সপ্রেস থেকে বিপুল পরিমাণ কফ সিরাপ উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে আগরতলা স্টেশনে নজরদারি চালাচ্ছিল জিআরপি। সেই সময় এক যুবতীর ট্রলি ব্যাগ তল্লাশি করে ২১ কেজি ৪৯০ গ্রাম গাঁজা উদ্ধার হয়। প্রাথমিকভাবে অনুমান, ওই গাঁজা দিল্লিতে পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। ধৃত যুবতীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন (এনডিপিএস) অনুযায়ী মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
এছাড়া একই রাতে রাজধানী এক্সপ্রেসে রুটিন তল্লাশির সময় এক পরিত্যক্ত ব্যাগ থেকে উদ্ধার হয় ২৭০ বোতল কফ সিরাপ। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, ওই কফ সিরাপ সীমান্তবর্তী এলাকায় পাচারের উদ্দেশ্যে আনা হয়েছিল।
আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাস জানান, ধৃত যুবতীকে মঙ্গলবার আদালতে তোলা হয়েছে। মাদক পাচারের বিরুদ্ধে পুলিশি নজরদারি আরও জোরদার করা হয়েছে বলেও তিনি জানান।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*