আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ জুন || সোনামুড়া মহকুমার খেদাবাড়ী এলাকায় বিদ্যুৎ গ্রাহকদের মধ্যে তীব্র অসন্তোষের সঞ্চার হয়েছে অস্বাভাবিক বিদ্যুৎ বিলের ঘটনায়। জানা গেছে, এলাকার একাধিক কৃষিজীবী গ্রাহকের কাছে মাত্র দুই মাসের ব্যবধানে বিদ্যুৎ বিভাগ থেকে প্রায় ৯৯,৬৯৭ টাকা বিল পাঠানো হয়েছে। এই অস্বাভাবিক বিল পেয়ে হতবাক ও ক্ষুব্ধ গ্রাহকরা বিদ্যুৎ অফিসের দ্বারস্থ হয়েছেন।
স্থানীয় বাসিন্দা তথা কৃষিজীবী নরেশ দেববর্মা জানান, “সারা বছর কৃষিকাজের জন্য সেচ পাম্প চালাই, কিন্তু কোনোদিন এত বিশাল অঙ্কের বিল পাইনি। এটি সম্পূর্ণ অন্যায়। আমরা স্মার্ট মিটার চাই না।” অন্যদিকে, বিদ্যুৎ দপ্তরের কর্মকর্তারা জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে মিটার রিডিং বা কারিগরি ত্রুটি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
খেদাবাড়ীর বিদ্যুৎ গ্রাহকদের একাংশ ইতিমধ্যেই স্মার্ট মিটার বসানোর বিরুদ্ধে সরব হয়েছেন। তারা জানান, স্মার্ট মিটার বসানোর পর থেকেই অস্বাভাবিক বিলের অভিযোগ বেড়েছে। অবিলম্বে এই বিভ্রাটের সুরাহা ও অতিরিক্ত বিল বাতিলের দাবি জানানো হয়েছে।
এদিকে, এই ঘটনায় সমগ্র এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গ্রাহকদের একাংশ বিদ্যুৎ দপ্তরের দপ্তরে ধর্ণায় বসারও হুমকি দিয়েছেন। প্রশাসন সূত্রে খবর, বিষয়টি সমাধানের জন্য উচ্চপর্যায়ের বৈঠকের উদ্যোগ নেওয়া হচ্ছে।
