নবারুণ চক্রবর্তী, সাব্রুম, ২৭ অক্টোবর || পরিবেশ সুরক্ষা ও ই-বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা সম্পর্কে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে পিএম শ্রী সাব্রুম গার্লস উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ইকো ক্লাবের উদ্যোগে মঙ্গলবার একদিনের বিশেষ ই-বর্জ্য সচেতনতামূলক অভিযান অনুষ্ঠিত হয়।
এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল ই-বর্জ্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করা এবং পরিবেশবান্ধব উপায়ে ই-বর্জ্য সংগ্রহ ও পুনর্ব্যবহারের গুরুত্ব তুলে ধরা। অনুষ্ঠানে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে একটি সচেতনতামূলক অভিযান ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। কুইজ প্রতিযোগিতার মাধ্যমে ই-বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ দূষণ প্রতিরোধ এবং পুনর্ব্যবহার সম্পর্কে শিক্ষার্থীদের জ্ঞান ও সচেতনতা যাচাই করা হয়।
কর্মসূচির অন্যতম উল্লেখযোগ্য দিক ছিল শিক্ষার্থীদের উদ্যোগে বিভিন্ন ধরনের পরিত্যক্ত ইলেকট্রনিক সামগ্রী সংগ্রহ করা এবং সেগুলি যথাযথ প্রক্রিয়াকরণ ও পুনর্ব্যবহারের জন্য নির্দিষ্ট রিসাইক্লারের হাতে তুলে দেওয়া। এর মাধ্যমে শিক্ষার্থীরা ই-বর্জ্য যত্রতত্র ফেলে না দিয়ে সঠিকভাবে নিষ্পত্তি করার বাস্তব শিক্ষা লাভ করে।
বিদ্যালয়ের ইকো ক্লাবের এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে পরিবেশের প্রতি দায়িত্ববোধ, পরিচ্ছন্নতার মানসিকতা এবং টেকসই জীবনযাপনের অভ্যাস গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিদ্যালয় কর্তৃপক্ষের মতে, এ ধরনের কর্মসূচি শিক্ষার্থীদের পরিবেশ সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি সমাজে ই-বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতেও সহায়ক হবে।
