আগরতলা পূর্ব থানার পুলিশের বড় সাফল্য, গোপন সূত্রের খবরের ভিত্তিতে বাইক, স্কুটি ও টমটম উদ্ধার, আটক ৪ নাবালক

গোপাল সিং, খোয়াই, ২৭ অক্টোবর || গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে ও পুলিশ প্রশাসনের তৎপরতায় চুরির বিরুদ্ধে ফের বড়সড় সাফল্য পেল আগরতলা পূর্ব থানার পুলিশ। ওসি কৃষ্ণধন সরকার এক প্রেস ব্রিফিংয়ে এই সফল উদ্ধার অভিযানের বিস্তারিত তথ্য তুলে ধরেছেন। তিনি জানান, আস্তাবল এলাকা থেকে চুরি যাওয়া প্রায় আড়াই লক্ষাধিক টাকা মূল্যের একটি দামি ইয়ামাহা বাইক, যার নম্বর TR01X-9688, পুলিশের বিশেষ তৎপরতায় নতুননগর থেকে উদ্ধার করা হয়েছে। এর পাশাপাশি TR01AW-4560 নম্বরের একটি স্কুটিও উদ্ধার করেছে পুলিশ। এই স্কুটি উদ্ধারের ক্ষেত্রে নরসিংগড় থানার পুলিশও যথেষ্ট সহায়তা করেছে বলে জানান ওসি কৃষ্ণধন সরকার।

সম্প্রতি ভাটি অভয়নগর এলাকা থেকে রুবেল শীলের একটি টমটম চুরি হয়ে গিয়েছিল। পরবর্তী সময়ে স্থানীয় এলাকাবাসী ও পুলিশের যৌথ প্রচেষ্টায় সেই চুরি যাওয়া টমটমটিও নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়। সর্বসাকুল্যে পুলিশ এই অভিযানে দুটি বাইক, একটি স্কুটি এবং একটি টমটম উদ্ধার করেছে। এই চোরাচালান ও চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোট ৪ জন নাবালককে আটক করেছে পুলিশ। চুরি যাওয়া যানবাহনগুলি তাদের প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া এবং ধৃতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ অব্যাহত রয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*