আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ অক্টোবর || জন্মের মাত্র তিন দিনের এক নবজাতকের খাদ্যনালি ও শ্বাসনালির জটিল ত্রুটি সফল অস্ত্রোপচারের মাধ্যমে সংশোধন করে চিকিৎসাক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করলেন আগরতলার AGMC ও GBP হাসপাতালের চিকিৎসকরা। গত ৫ অক্টোবর বিশেষজ্ঞ চিকিৎসকদের নেতৃত্বে এই জটিল অস্ত্রোপচার সম্পন্ন হয়।
চিকিৎসাবিজ্ঞানের পরিভাষায় এই ত্রুটিকে ‘ট্র্যাকিও-ইসোফেজিয়াল ফিস্টুলা’ (Tracheo-Esophageal Fistula) বলা হয়। এই ধরনের জন্মগত ত্রুটির ক্ষেত্রে খাদ্যনালি ও শ্বাসনালির মধ্যে অস্বাভাবিক সংযোগ তৈরি হয়, যা নবজাতকের জন্য গুরুতর জটিলতার কারণ হতে পারে।
হাসপাতাল সূত্রে জানা যায়, বিশেষজ্ঞ চিকিৎসকদের তৎপরতা ও সফল অস্ত্রোপচারের ফলে বর্তমানে নবজাতকটি সুস্থ রয়েছে। সবকিছু ঠিক থাকলে শীঘ্রই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
এই চিকিৎসার অন্যতম উল্লেখযোগ্য দিক হলো, ‘জননী শিশু সুরক্ষা কর্মসূচি’ (JSSK)-এর আওতায় সম্পূর্ণ বিনামূল্যে নবজাতকের চিকিৎসা ও অস্ত্রোপচার করা হয়েছে। সরকারি স্বাস্থ্য পরিষেবার মাধ্যমে অত্যন্ত জটিল এই অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হওয়ায় নবজাতকের পরিবারেও স্বস্তি ফিরেছে।
AGMC ও GBP হাসপাতালের চিকিৎসকদের এই সাফল্য রাজ্যের সরকারি স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।
