মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন জালাল মিঞা: দুই মুমূর্ষ রোগীকে আর্থিক অনুদান, ইসকন ভক্তদের জন্য দিলেন চাল

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ জুন || সমাজসেবার ক্ষেত্রে আরও এক অনন্য নজির গড়লেন মানবতার পূজারী জালাল মিঞা। বৃহস্পতিবার বিকেল তিনটায় উদয়পুর শপিং কমপ্লেক্সের জালাল খেদমত আল ইনসান ফাউন্ডেশনের কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে দুই মুমূর্ষ রোগীকে চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়। সেইসঙ্গে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে ইসকন ভক্তদের অন্নভোগের জন্য ১০ বস্তা চাল তুলে দেওয়া হয় উদয়পুর গোকুলপুর ইসকন মন্দির কর্তৃপক্ষের হাতে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদয়পুর মহকুমা শাসক ত্রীদীপ কান্তি সরকার। তাঁর হাত দিয়েই দক্ষিণ মুড়াপাড়া এলাকার ব্রেন টিউমারে আক্রান্ত হতদরিদ্র নূর মিঞা এবং জন্ম থেকে মলাধার বন্ধ থাকা শিশুপুত্র নয়ন সূত্রধরের মা-বাবার হাতে আর্থিক অনুদান তুলে দেন জালাল মিঞা। সাহায্য পেয়ে চোখের জল ধরে রাখতে পারেননি দুই মুমূর্ষ রোগীর পরিবার।

মহকুমা শাসক ত্রীদীপ কান্তি সরকার বলেন, “জালাল মিঞা সমাজের জন্য যে কাজ করে চলেছেন তা নিঃসন্দেহে প্রশংসনীয়। তিনি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষের পাশে দাঁড়িয়েছেন। রাজ্যের বিভিন্ন প্রান্তে তাঁর মানবিক কর্মকাণ্ড আজ উদাহরণ হয়ে আছে।”

অনুদান প্রদান শেষে জালাল মিঞা জানান, “ভবিষ্যতেও আমি মানুষের পাশে থাকব। প্রশাসনকে সঙ্গে নিয়ে সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করাই আমার লক্ষ্য। মানুষের সহযোগিতা ও আশীর্বাদ থাকলেই এ পথ চলা সম্ভব।”

উল্লেখ্য, জালাল মিঞার নেতৃত্বাধীন ফাউন্ডেশন এর আগেও রাজ্যের অসহায় ও প্রান্তিক মানুষের পাশে দাঁড়িয়ে বহু মানবিক কাজ করেছে। সমাজের সর্বস্তরে এই উদ্যোগের ভূয়সী প্রশংসা চলছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*