আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ জুন || ঊনকোটি জেলার কৈলাশহরের কেন্দ্রীয় বাজার ‘বাবুর বাজারে’ এক চাঞ্চল্যকর অভিযান চালিয়ে বিপুল পরিমাণে বার্মিজ সিগারেট উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ‘খান ফ্যাশন বস্ত্রালয়’-এ এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন ঊনকোটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার জে. দারলং।

গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে জেলা পুলিশের একটি বিশেষ দল বাবুর বাজারে অভিযান চালায়। দোকানের ভিতর থেকে বিপুল পরিমাণ বার্মিজ সিগারেট উদ্ধার করা হয়, যা রাজ্যের বিদ্যমান আইন অনুযায়ী অবৈধ বলে গণ্য। পুলিশের প্রাথমিক অনুমান, এই সিগারেটগুলি চোরাই পথে রাজ্যে প্রবেশ করানো হয়েছে এবং বাজারে তা বিক্রির পরিকল্পনা চলছিল।

পুলিশ জানিয়েছে, এই ধরনের অবৈধ সিগারেট বিক্রি শুধু কর ফাঁকি নয়, জনস্বাস্থ্যের পক্ষেও মারাত্মক হুমকি। অভিযানের সময় দোকানদারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এবং ঘটনার সাথে জড়িত অন্যদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার জে. দারলং জানান, “আমাদের লক্ষ্য হলো রাজ্যে অবৈধ পণ্যের প্রবেশ রোধ করা এবং সাধারণ মানুষকে নিরাপদ রাখা। এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

ঘটনার জেরে কৈলাশহর শহরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া সিগারেটের বাজারমূল্য লক্ষাধিক টাকার বেশি হতে পারে।

পুলিশ পুরো ঘটনাটির তদন্ত শুরু করেছে এবং শীঘ্রই আরও তথ্য সামনে আসবে বলে আশা করা যাচ্ছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*