আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ জুলাই || শক্তিশালী পার্টি গঠন ও সংঘ পরিবার এবং বিজেপি’র বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলার আহ্বানের মধ্য দিয়ে সম্পন্ন হল ভারতের কমিউনিস্ট পার্টি (সিপিআই)-এর ২৩’তম ত্রিপুরা রাজ্য সম্মেলন। তিন দিনব্যাপী এই সম্মেলনের সমাপ্তি দিনে গঠিত হয় নতুন রাজ্য পরিষদ। ১৯ জন পূর্ণ সদস্য এবং ৩ জন প্রার্থী সদস্য নিয়ে গঠিত নতুন রাজ্য পরিষদের সম্পাদক হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন মিলন বৈদ্য।
এছাড়াও ৯ সদস্য বিশিষ্ট নতুন রাজ্য সম্পাদকমন্ডলী এবং ৫ সদস্য নিয়ে রাজ্য কন্ট্রোল কমিশন গঠিত হয়েছে। কন্ট্রোল কমিশনের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিদায়ী রাজ্য সম্পাদক ডাঃ যুধিষ্ঠির দাস। ছাত্র আন্দোলন থেকে পার্টি গড়ে তোলার ক্ষেত্রে তাঁর দীর্ঘদিনের অবদানের জন্য সম্মেলনের শেষ দিনে তাঁকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়।
সম্মেলন থেকে আগামী ২১-২৫ সেপ্টেম্বর চন্ডিগড়ে অনুষ্ঠিতব্য সিপিআই-এর ২৫’তম পার্টি কংগ্রেসে অংশগ্রহণের জন্য ৩ জন প্রতিনিধিকে নির্বাচিত করা হয়েছে।
সম্মেলনে রাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রতিনিধিরা নানা রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক বিষয়ে মতবিনিময় করেন। দীর্ঘ আলোচনার ভিত্তিতে সর্বসম্মতভাবে মোট ১০টি প্রস্তাব গৃহীত হয়। পার্টির পক্ষ থেকে জানানো হয়, আগামী দিনে গণতন্ত্র, সংবিধান এবং আইনের শাসন রক্ষায় সংগঠিত গণআন্দোলনের মাধ্যমে সংঘ ও বিজেপি’র বিভাজনমূলক রাজনীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।
সম্মেলন শেষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সিপিআই জাতীয় সম্পাদকমন্ডলীর সদস্য পল্লব সেনগুপ্ত, নবনির্বাচিত রাজ্য সম্পাদক মিলন বৈদ্য সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সিপিআই-এর জাতীয় সম্পাদকমন্ডলীর সদস্য কে. নারায়ণা কেন্দ্রীয় বিজেপি সরকারের জনবিরোধী ও কর্পোরেটপন্থী নীতির তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, “বিজেপি আজ গোটা দেশে দলিত, আদিবাসী, সংখ্যালঘুদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে। গরিব মানুষের জমি কর্পোরেটদের হাতে তুলে দিয়ে দেশজুড়ে লুটের রাজনীতি চালাচ্ছে।”
তিনি ত্রিপুরার আদিবাসী সমাজকে বিজেপি এবং তিপরা মথার “মিথ্যা প্রতিশ্রুতি ও মোহজালে” বিভ্রান্ত না হয়ে বাস্তব বুঝে বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ে সামিল হওয়ার আহ্বান জানান।
সিপিআই নেতৃবৃন্দের মতে, আগামী দিনে ত্রিপুরা সহ গোটা দেশে ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে বামপন্থী ও গণতান্ত্রিক শক্তিগুলিকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।
