আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ আগস্ট || ত্রিপুরা বিধানসভার দশম অধিবেশনের দ্বিতীয় দিনে শিক্ষা, বিদ্যুৎ, পর্যটন এবং সরকারি কর্মচারীদের বেতন কাঠামো নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য ও সরকারের পরিকল্পনার কথা তুলে ধরা হয়। শিক্ষক নিয়োগ থেকে শুরু করে বিদ্যুৎ পরিকাঠামো উন্নয়ন, পর্যটনকেন্দ্র নির্মাণ এবং অষ্টম বেতন কমিশন গঠনের প্রস্তুতি—বিভিন্ন বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেন সংশ্লিষ্ট মন্ত্রীরা।
৪,৭১৯ জন শিক্ষক নিয়োগ, আরও নিয়োগের উদ্যোগ
মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা জানান, ২০১৮-১৯ থেকে ২০২৫-২৬ শিক্ষাবর্ষ পর্যন্ত রাজ্যে মোট ৪,৭১৯ জন স্নাতক ও অস্নাতক শিক্ষক নিয়োগ করা হয়েছে। পাশাপাশি ২,৬৮৪ জন শিক্ষককে টিটিএএডিসি পরিচালিত স্কুলে ডেপুটেশনে পাঠানো হয়েছে।
শিক্ষক স্বল্পতা পূরণে নতুন উদ্যোগের কথাও জানান মুখ্যমন্ত্রী। টেট-১-এর মাধ্যমে ১,০৩৬টি এবং টেট-২-এর মাধ্যমে ১,০২০টি শিক্ষক পদ পূরণের জন্য TRBT-র কাছে রিকুইজিশন পাঠানো হয়েছে। এছাড়া ৭০০টি STGT পদে নিয়োগ প্রক্রিয়াও চলছে।
বিদ্যুৎ পরিকাঠামো উন্নয়নে জোর, অতিরিক্ত শুল্কে ভর্তুকি
বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ জানান, রাজ্যে ১৩২ কেভি সাবস্টেশনের সংখ্যা বেড়ে ২১টি এবং ৩৩ কেভি সাবস্টেশনের সংখ্যা ৭৫টি হয়েছে। ঝড়-বৃষ্টিতে পরিষেবা সচল রাখতে ৪০৮ কিলোমিটার ভূগর্ভস্থ কেবল ও ১,৪৬৪ কিলোমিটার কভার্ড কন্ডাক্টর স্থাপন করা হয়েছে।
প্রধানমন্ত্রী সূর্য ঘর মুফত বিজলি যোজনায় প্রায় ১৭,৪০০টি নিবন্ধন এবং ৪,৪৫০টি সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের কথাও জানান তিনি। বিদ্যুতের সাম্প্রতিক অতিরিক্ত শুল্কের বোঝা ভর্তুকির মাধ্যমে সরকার বহন করবে এবং অতিরিক্ত অর্থ প্রদান করা গ্রাহকদের পরবর্তী বিলে তা সমন্বয় করা হবে বলেও জানান মন্ত্রী।
পর্যটনে ৫০০ কোটির বেশি বিনিয়োগ, বাড়ছে পর্যটকের সংখ্যা
পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, রাজ্যে পর্যটন পরিকাঠামো উন্নয়নে ৫০০ কোটিরও বেশি টাকা ব্যয়ে একাধিক প্রকল্পের কাজ চলছে। গত তিন বছরে ১২টি ছোট ও মাঝারি পর্যটনকেন্দ্র নির্মাণ করা হয়েছে এবং আরও পাঁচটি বড় প্রকল্প বাস্তবায়নাধীন।
২০২৩-২৪ অর্থবছরে রাজ্যে ৪ লক্ষ ৬৯ হাজারের বেশি দেশীয় এবং ৭৫ হাজারের বেশি বিদেশি পর্যটক এসেছিলেন। ২০২৪-২৫ অর্থবছরে দেশীয় পর্যটকের সংখ্যা বেড়ে ৬ লক্ষ ২৭ হাজারের বেশি এবং বিদেশি পর্যটকের সংখ্যা প্রায় ৭৯ হাজার ৫০০ হয়েছে। পর্যটন প্রচারে সৌরভ গাঙ্গুলিকে রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে বলেও জানান মন্ত্রী।
শীঘ্রই অষ্টম বেতন কমিশন
সরকারি কর্মচারী ও পেনশনারদের জন্য অষ্টম বেতন কমিশন গঠনের প্রস্তুতি চলছে বলে বিধানসভায় জানান অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। সম্ভাব্য চেয়ারম্যান ও সদস্যদের নাম নিয়ে পর্যালোচনা চলছে এবং খুব শীঘ্রই কমিশন গঠনের বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।
অর্থমন্ত্রী বলেন, কর্মচারীদের বেতন-ভাতা ও পে-এনামলি সংক্রান্ত বিভিন্ন বিষয় কমিশনের পর্যালোচনায় আসবে। যোগ্য ও উপযুক্ত ব্যক্তিদের নিয়ে কমিশন গঠনের মাধ্যমে কর্মচারী ও পেনশনারদের সমস্যার সমাধানে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
