আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ আগস্ট || বৃহস্পতিবার থেকে শুরু হলো ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার দশম অধিবেশন। তিন দিনব্যাপী এই অধিবেশন আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে। অধিবেশন ঘিরে রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রশ্নোত্তর পর্বে সরব হন বিধায়করা।
অধিবেশনে রাজ্যের সরকারি কর্মচারীদের আর্থিক স্বার্থ ও বিভিন্ন প্রত্যাশার বিষয়টিও উঠে আসে। এদিন বিধানসভায় দাঁড়িয়ে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, মুখ্যমন্ত্রীর আন্তরিক সদিচ্ছা এবং কর্মচারীবান্ধব দৃষ্টিভঙ্গির ফলে রাজ্য সরকার ধীরে ধীরে সমস্ত কর্মচারীদের আর্থিক স্বার্থ ও ন্যায্য প্রত্যাশা পূরণের লক্ষ্যে এগিয়ে চলেছে।
অর্থমন্ত্রী জানান, কর্মচারীদের বেতন ও আর্থিক বিষয়গুলি পর্যালোচনার জন্য বেতন কমিশন গঠনের উদ্যোগ সরকারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কর্মচারীদের আর্থিক বিষয়গুলি পর্যালোচনা করে তাঁদের প্রাপ্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্যেই রাজ্য সরকার সুপরিকল্পিতভাবে এগিয়ে যাচ্ছে বলে তিনি জানান।
বেতন কমিশন গঠনের এই উদ্যোগে রাজ্যের সরকারি কর্মচারীদের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে। আগামী দিনে কমিশনের মাধ্যমে কর্মচারীদের আর্থিক সুযোগ-সুবিধা ও বেতন কাঠামো নিয়ে কী সিদ্ধান্ত নেওয়া হয়, সেদিকেই এখন নজর সংশ্লিষ্ট মহলের।
