আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ জুলাই || ২০২২ সালের এস.টি.জি.টি. পরীক্ষায় উত্তীর্ণ বেকার যুবক-যুবতীরা শুক্রবার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার বাসভবন ঘেরাও করে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরুর দাবিতে বিক্ষোভ দেখান। তাদের দাবি, দীর্ঘদিন পেরিয়ে গেলেও এখনো নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি। ফলে ভবিষ্যৎ নিয়ে তারা গভীর অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।
বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির পরিস্থিতি সৃষ্টি হয়। শেষ পর্যন্ত পুলিশ তাদের সেখান থেকে জোরপূর্বক সরিয়ে দেয় এবং বেশ কয়েকজন আন্দোলনকারীকে আটক করা হয়।
আন্দোলনকারীরা জানান, বারবার সংশ্লিষ্ট দপ্তরে দাবি জানানো সত্ত্বেও সরকার কোনও প্রতিক্রিয়া জানায়নি। তাই তারা বাধ্য হয়ে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ করতে এসেছেন।
অন্যদিকে, প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা বজায় রাখতে ও সরকারি নিরাপত্তা বিঘ্নিত না-হয় সে জন্যই পুলিশ ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে।
বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে উত্তীর্ণ প্রার্থীদের এই আন্দোলন ঘিরে রাজ্য জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা ও বিতর্ক
