গণ্ডাছড়ার পিটিজি দপ্তরে এসডিএমের আকস্মিক পরিদর্শন, অনুপস্থিত একাধিক কর্মী নিয়ে প্রশ্ন

সুব্রত দাস, গন্ডাছড়া, ১২ আগস্ট || সরকারি দপ্তরে কর্মীদের অনিয়মিত উপস্থিতি নিয়ে দীর্ঘদিনের অভিযোগের পর এবার সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে আকস্মিক পরিদর্শনে গেলেন গণ্ডাছড়া মহকুমা শাসক (এসডিএম) অভিজিৎ সিং যাদব (আইএএস)। বুধবার গণ্ডাছড়া মহকুমার টিআরপি/পিটিজি দপ্তরে আকস্মিক পরিদর্শনে গিয়ে দপ্তরে কোনও কর্মীকেই উপস্থিত না পাওয়ার অভিযোগ উঠেছে।
এসডিএম জানান, দীর্ঘদিন ধরেই স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে পিটিজি দপ্তরের কর্মীদের অনিয়মিত উপস্থিতি নিয়ে অভিযোগ আসছিল। সেই অভিযোগের ভিত্তিতেই তিনি বুধবার আকস্মিকভাবে দপ্তরে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেন। অভিযোগ অনুযায়ী, পরিদর্শনের সময় দপ্তর কার্যত ফাঁকা ছিল।
এদিকে, দপ্তরের প্রোগ্রাম অফিসার শুভঙ্কর রিয়াং-এর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে কর্মস্থলে নিয়মিত উপস্থিত না থাকার অভিযোগ করে আসছিলেন এলাকাবাসীর একাংশ। তাঁদের অভিযোগ, দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ও কর্মীদের অনিয়মিত উপস্থিতির কারণে বিভিন্ন সরকারি ও কেন্দ্রীয় প্রকল্পের কাজ ব্যাহত হচ্ছে। এর ফলে সরকারি পরিষেবা পেতে সাধারণ মানুষকে সমস্যার মুখে পড়তে হচ্ছে বলেও অভিযোগ।
সরকারি দপ্তরে কর্মীদের অনুপস্থিতি নিয়ে এসডিএমের আকস্মিক পরিদর্শনের ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশাসনিক মহলে প্রশ্ন উঠেছে। সরকারি পরিষেবা প্রদানকারী দপ্তরে কর্মীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা না গেলে সাধারণ মানুষের কাছে বিভিন্ন সরকারি প্রকল্প ও পরিষেবার সুফল পৌঁছে দেওয়া কতটা সম্ভব, তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।
পরিদর্শনের পর প্রশাসনের পক্ষ থেকে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়, এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগগুলি তদন্ত করে সত্যতা প্রমাণিত হলে দায়িত্বে গাফিলতির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং সরকারি দপ্তরে কর্মীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার দাবি উঠেছে।
সরকারি দপ্তর কি শুধুই কর্মীদের কর্মস্থল, নাকি সাধারণ মানুষের পরিষেবা পাওয়ার জায়গা—গণ্ডাছড়ার এই আকস্মিক পরিদর্শনের ঘটনায় সেই প্রশ্নই ফের সামনে এসেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*