আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ জুলাই || আগরতলা শহরের বিভিন্ন এলাকা থেকে চুরি যাওয়া তিনটি বাইক উদ্ধার করল পূর্ব থানার পুলিশ। শুক্রবার পূর্ব থানায় এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে বাইকগুলি প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়।
এই উপলক্ষে পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) রানা চ্যাটার্জি জানান, সম্প্রতি পূর্ব থানায় একাধিক বাইক চুরির অভিযোগ জমা পড়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে বিভিন্ন সূত্র ধরে অভিযান চালিয়ে শহরের বিভিন্ন এলাকা থেকে তিনটি বাইক উদ্ধার করা সম্ভব হয়। তদন্তে উঠে আসে কিছু সন্দেহভাজনের নামও।
ওসি আরও জানান, পুলিশ শুধুমাত্র বাইক উদ্ধারে সন্তুষ্ট নয়, এর পেছনে থাকা চক্রকেও ধরার জন্য তৎপর। চুরি রোধে শহরবাসীকে আরও সচেতন থাকারও আহ্বান জানান তিনি।
পুলিশের এই তৎপরতায় খুশি উদ্ধার হওয়া বাইকের মালিকরা। বাইক ফিরে পেয়ে তারা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
