আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই || “বিধানসভা হলো গণতন্ত্রের পবিত্র মন্দির, যেখানে রাজ্যবাসীর কল্যাণে আইন প্রণয়ন করা হয়,”—মঙ্গলবার বিধানসভার লবিতে ‘ঐতিহাসিক জুলাই: ত্রিপুরা বিধানসভার পদচিহ্ন’ বিষয়ক অনুষ্ঠানে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। তিনি জানান, ১৯৬৩ সালের ১লা জুলাই ত্রিপুরা বিধানসভা গঠিত হয় এবং ২০১১ সালের ২২শে জুলাই উজ্জয়ন্ত প্রাসাদ থেকে বর্তমান ভবনে স্থানান্তর হয়। অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, মন্ত্রী রতনলাল নাথ, অনিমেষ দেববর্মা এবং বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সকলেই বিধানসভার গুরুত্ব ও ইতিহাস তুলে ধরেন। এই উপলক্ষে মুখ্যমন্ত্রী, অধ্যক্ষসহ অন্যান্য বিধায়করা বিধানসভা প্রাঙ্গণে আমগাছের চারা রোপণ করেন এবং বন দপ্তর ২৫০টি চারা বিতরণ করে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, প্রকৃতি ছাড়া মানবসভ্যতা টিকতে পারে না, বন ধ্বংসকারীদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি ‘এক পেড় মা কে নাম’ কর্মসূচির উল্লেখ করে বলেন, এই উদ্যোগে এক বছরে ১ লক্ষ ৪২ হাজার গাছ রোপিত হয়েছে এবং একটি পরিপক্ব গাছ বছরে ২৬০ পাউন্ড অক্সিজেন দেয় ও ৪৮ পাউন্ড কার্বন ডাই অক্সাইড শোষণ করে। বৃক্ষরোপণকে প্রত্যেকের একান্ত কর্তব্য হিসেবে দেখার আহ্বান জানান তিনি।
