আপডেট প্রতিনিধি, কৈলাসহর, ২৩ জুলাই || কৈলাসহর পূরপরিষদের অধীনে ১১নং ওয়ার্ডের মধ্য গোবিন্দপুর এলাকায় একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল পরিস্থিতি নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দীর্ঘদিন ধরে পরিষেবা ব্যাহত হওয়ার অভিযোগে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা।
অভিযোগ, যেখানে নিয়ম অনুযায়ী সকাল ৭টায় কেন্দ্রটি খোলার কথা, সেখানে বাস্তবে কেন্দ্র খোলা হয় বেলা ৯টা নাগাদ। কেন্দ্রে কর্মরত আছেন অঙ্গনওয়াড়ি কর্মী অনামিকা দাম ও সহায়িকা কাজল সরকার। সংবাদ মাধ্যমের প্রতিনিধি কেন্দ্রে উপস্থিত হলে সেখানে কোনো ছাত্র-ছাত্রী, প্রসূতি মা কিংবা গর্ভবতী মহিলার দেখা মেলেনি। শিশুদেরও অনুপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
অভিভাবকরা জানান, দীর্ঘদিন ধরেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হচ্ছে না। শিশুদের পুষ্টিকর খাদ্য, শিক্ষামূলক কার্যক্রম ও স্বাস্থ্য সংক্রান্ত সহায়তায় ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে। পূর্বে একাধিকবার এ নিয়ে বৈঠক হলেও, কার্যত কোনও ইতিবাচক পরিবর্তন দেখা যায়নি বলে অভিযোগ।
এই পরিস্থিতিতে অভিভাবকদের দাবী, সংশ্লিষ্ট দপ্তর যেন অবিলম্বে হস্তক্ষেপ করে ও কেন্দ্রটির স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করে। এখন দেখার বিষয়, দপ্তরের তরফে আদৌ কি কোনও কঠোর পদক্ষেপ নেওয়া হয়, নাকি আবারও অভিযোগের স্তূপে চাপা পড়ে যাবে মধ্য গোবিন্দপুরের এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দুরবস্থা।
