শান্তিরবাজার জেলা হাসপাতাল পরিদর্শনে দক্ষিণ ত্রিপুরার জেলাশাসক, ECG ও অ্যাম্বুলেন্স পরিষেবা নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৩ জুলাই || শান্তিরবাজার জেলা হাসপাতালে ইসিজি (ECG) পরিষেবা ও অ্যাম্বুলেন্স সংকট নিয়ে জনভোগান্তির বিষয়টি মুখ্যমন্ত্রীর নজরে আসতেই দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হলো। মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার নির্দেশে মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণ ত্রিপুরার জেলাশাসক মোহাম্মদ সাজ্জাদ পি.আই.এ.এস. জেলা হাসপাতাল পরিদর্শনে যান।
হাসপাতালে উপস্থিত হয়ে তিনি হাসপাতালের ভারপ্রাপ্ত সুপারিনটেন্ডেন্ট জে.এস. রিয়াং-এর সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। জানা যায়, কর্মীসংকটের কারণে এতদিন সাপ্তাহে মাত্র তিনদিন ইসিজি করা হতো, যার ফলে রুগীদের চরম অসুবিধার সম্মুখীন হতে হতো। তবে জেলাশাসকের হস্তক্ষেপে এখন এক নতুন কর্মীকে প্রশিক্ষণ দিয়ে সাপ্তাহে ছয়দিনই ইসিজি পরিষেবা চালু রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।
এছাড়াও, জেলাশাসক হাসপাতালের অ্যাম্বুলেন্স সংকটের বিষয়েও অবগত হন। বর্তমানে হাসপাতালের ৫টি অ্যাম্বুলেন্সের মধ্যে ২টি বিকল অবস্থায় রয়েছে, ফলে মাত্র ৩টি অ্যাম্বুলেন্স দিয়ে প্রতিদিনের রুগি পরিবহন কার্যক্রম পরিচালনা করা কষ্টসাধ্য হয়ে উঠছে। জেলাশাসক জানান, বিকল অ্যাম্বুলেন্সগুলোর মধ্যে একটি শীঘ্রই সারাই করে পরিষেবায় আনা হবে এবং বাকি সংকট নিরসনে প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেন তিনি।
জনসাধারণের সুবিধার্থে মুখ্যমন্ত্রীর এই দ্রুত পদক্ষেপ এবং জেলাশাসকের তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*