গোপাল সিং, খোয়াই, ২৩ জুলাই || খোয়াইয়ের গোদারাঘাট এলাকার প্রাচীন এক কালীমন্দিরের সংস্কার ও পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হলো। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবির প্রতি সাড়া দিয়ে শনিবার খোয়াইয়ের বিশিষ্ট সমাজসেবী তথা ত্রিপুরা বক্সিং এসোসিয়েশনের রাজ্য সভাপতি অভিজিৎ দত্ত ভৌমিক বুধবার মন্দিরটি পরিদর্শন করেন এবং দ্রুত কাজ শুরু করার আশ্বাস দেন।
জানা গেছে, গোদারাঘাটের পুরাতন রাস্তার ধারে একটি বটগাছের নিচে অবস্থিত এই কালীমন্দিরটি বহু পুরানো এবং এলাকার মানুষের বিশ্বাস ও ভক্তির এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে মন্দিরটি বর্তমানে অত্যন্ত জীর্ণ অবস্থায় রয়েছে। এলাকাবাসীরা মন্দিরটিকে নতুন রূপে ফিরিয়ে দেওয়ার জন্য অভিজিৎ দত্ত ভৌমিকের কাছে আবেদন জানিয়েছিলেন। সেই আবেদনে সাড়া দিয়ে আজ তিনি স্থানীয় বুথ সভাপতি রামধন দাস এবং একজন রাজমিস্ত্রিকে সঙ্গে নিয়ে মন্দির চত্বর পরিদর্শন করেন। মন্দিরের বর্তমান অবস্থা খতিয়ে দেখে তিনি জানান, “কালী মায়ের ইচ্ছায় খুব শীঘ্রই এই মন্দিরের সংস্কারের কাজ শুরু হবে।” তাঁর এই উদ্যোগে এলাকার বাসিন্দাদের মধ্যে আনন্দের বাতাবরণ তৈরি হয়েছে এবং তারা দীর্ঘদিনের একটি স্বপ্ন পূরণের অপেক্ষায় রয়েছেন।
