কলেজের গেট দিয়ে ঢুকছে ড্রাগস, ক্লাসরুমে চলছে তোলাবাজি! মারাত্মক অভিযোগে তুলে জেলাশাসকের কাছে ডেপুটেশন দিল SFI

গোপাল সিং, খোয়াই, ২৩ জুলাই || খোয়াই দশরথদেব মেমোরিয়াল কলেজে তোলাবাজি, মাদক কারবারের রমরমা এবং গ্রন্থাগারের বেহাল দশা সহ একাধিক গুরুতর অভিযোগে খোয়াই জেলাশাসক ও সমাহর্তা রজত পন্থের কাছে ডেপুটেশন জমা দিল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)-এর খোয়াই বিভাগীয় কমিটি। মঙ্গলবার ছয়-দফা দাবি সম্বলিত এই স্মারকলিপি প্রদান করা হয়।
এসএফআই-এর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, কলেজের গ্রন্থাগারটি নামেই সার। সেখানে পর্যাপ্ত বই নেই এবং যা আছে, তার বেশিরভাগই ছেঁড়া ও পড়ার অযোগ্য। সবচেয়ে মারাত্মক অভিযোগ তোলা হয়েছে শাসক দলের ছাত্র সংগঠন এবিভিপি-র বিরুদ্ধে। এসএফআই-এর দাবি, তারা পেশিশক্তি ব্যবহার করে সাধারণ ছাত্রছাত্রীদের থেকে জোরপূর্বক টাকা আদায় করছে। সম্প্রতি একটি ফেয়ারওয়েল পার্টির নামে ক্লাসরুমে ঢুকে টাকা তুলতে বাধ্য করা হয়েছে বলেও অভিযোগপত্রে উল্লেখ করা হয়।
এছাড়াও, কলেজের একটি ছোট গেট সারাদিন ও রাত খোলা থাকায় ক্যাম্পাসটি মাদকাসক্ত এবং মাদক কারবারিদের আখড়ায় পরিণত হয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে। এসএফআই অবিলম্বে এই গেট বন্ধ করা এবং ক্যাম্পাসের নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*