খোয়াইয়ে ফের পারিবারিক হিংসা: সামান্য বচসাকে কেন্দ্র করে স্ত্রীর উপর নারকীয় নির্যাতন, কাঁচি দিয়ে কোপানোর অভিযোগ স্বামীর বিরুদ্ধে

গোপাল সিং, খোয়াই, ২৪ জুলাই || তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পারিবারিক হিংসার এক নৃশংস চিত্র উঠে এলো খোয়াই থানাধীন অজগরটিলা এলাকায়। গরুর জন্য ঘাস কাটার মতো একটি সামান্য বিষয় নিয়ে বচসার জেরে স্বামী তাঁর স্ত্রীর উপর কাঁচি দিয়ে হামলা চালায় বলে অভিযোগ। বুধবার দুপুরে ঘটা এই ঘটনায় গুরুতর জখম হন ওই মহিলা। প্রতিবেশীদের সহায়তায় তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দুপুর আনুমানিক দুটো নাগাদ অজগরটিলা এলাকার বাসিন্দা রমেন ঘোষের সঙ্গে তাঁর স্ত্রীর বচসা শুরু হয়। বিবাদ চলাকালীন রমেন ঘোষ উত্তেজিত হয়ে পড়েন এবং কাঁচি দিয়ে স্ত্রীর শরীরে এলোপাথাড়ি আঘাত করেন বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় ওই মহিলা প্রাণভয়ে পাশের বাড়িতে আশ্রয় নেন। পরবর্তীতে, স্থানীয় একটি ক্লাব ও প্রতিবেশীদের সহায়তায় তাঁকে প্রথমে খোয়াই মহিলা থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি স্বামী রমেন ঘোষের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর পুলিশ ও স্থানীয়রা তাঁকে চিকিৎসার জন্য খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলেও, তিনি শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত। আহত মহিলা এই পাশবিক অত্যাচারের সুষ্ঠু বিচার চেয়েছেন। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি তুলেছেন এলাকাবাসী। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*