জীর্ণ ভবন, বই নেই, জঙ্গলে ঢাকা! খোয়াই লাইব্রেরির ‘কঙ্কালসার’ চেহারা দেখে হতবাক বিধানসভার কমিটি!

গোপাল সিং, খোয়াই, ০১ আগস্ট || রাজ্য বিধানসভার গ্রন্থাগার কমিটি বৃহস্পতিবার খোয়াই জেলা গ্রন্থাগার পরিদর্শনে এসে তার জরাজীর্ণ দশা দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে। শাসক ও বিরোধী দলের বিধায়কদের নিয়ে গঠিত এই উচ্চপর্যায়ের দলটি পাঠাগারের পরিকাঠামোগত উন্নয়ন এবং আধুনিকীকরণের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে।

গ্রন্থাগার কমিটির চেয়ারম্যান তথা তিপ্রা মথা দলের বিধায়িকা স্বপ্না দেববর্মার নেতৃত্বে এই প্রতিনিধি দলে ছিলেন দলেরই অপর বিধায়ক মানব দেববর্মা। সঙ্গে ছিলেন গ্রন্থাগার কমিটির অপর সদস্যরা তথা সিপিআই(এম) বিধায়ক রামু দাস, নয়ন সরকার এবং নির্মল বিশ্বাস। তাঁরা গ্রন্থাগারের প্রতিটি বিভাগ ঘুরে দেখেন এবং বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করেন। পরিদর্শনকালে কমিটির সদস্যরা লক্ষ্য করেন, ভবনটি অত্যন্ত জরাজীর্ণ, বইয়ের তীব্র সংকট রয়েছে এবং পাঠকদের বসার জায়গাও অপ্রতুল। গ্রন্থাগারের চারপাশ অপরিচ্ছন্ন এবং বনজঙ্গলে ছেয়ে গেছে, যা পাঠকের উপযোগী পরিবেশের সম্পূর্ণ পরিপন্থী। দেওয়ালের অবস্থাও বেশ কিছু জায়গায় বিপজ্জনক। কমিটির চেয়ারম্যান স্বপ্না দেববর্মা জানান, তাঁরা এই গ্রন্থাগারের সার্বিক অবস্থার উপর একটি বিস্তারিত রিপোর্ট তৈরি করে বিধানসভায় পেশ করবেন এবং এর উন্নয়নের জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণের সুপারিশ করবেন। এদিকে খোয়াইবাসী, দ্রুত গ্রন্থাগারটির সংস্কার করে একটি আধুনিক ও সুস্থ পাঠ-পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। পাশাপাশি খোয়াই পাবলিক লাইব্রেরি সকাল ৮টা থেকে ১১টা এবং বিকেল ৩ টা থেকে ৮টা পর্যন্ত খোলার জনগণের দীর্ঘদিনের দাবি পূরণ হবে কিনা, সেই প্রশ্নও উঠে এসেছে। লাইব্রেরি কমিটি এবিষয়টি গুরুত্ব দেখনে কিনা সেদিকেই তাকিয়ে খোয়াইয়ের জনগণ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*