আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ আগস্ট || জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে রাজ্যে আয়োজিত তিনদিনব্যাপী বিভিন্ন কর্মসূচির অন্তিম দিনে আগরতলায় অনুষ্ঠিত হলো বিশেষ সাইকেল র্যালি। রবিবার সকালে আগরতলার ঐতিহ্যবাহী উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণ থেকে শুরু হয় ‘Sundays on Cycle’ কর্মসূচি।
ক্রীড়া ও শরীরচর্চার প্রতি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আয়োজিত এই সাইকেল র্যালিতে অংশগ্রহণ করেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সুকান্ত ঘোষ-সহ ক্রীড়াপ্রেমী ও বিভিন্ন স্তরের অংশগ্রহণকারীরা।
উজ্জয়ন্ত প্রাসাদ থেকে শুরু হয়ে সাইকেল র্যালিটি আগরতলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে বাঁধারঘাট ডি.ডি.এস. কমপ্লেক্স সংলগ্ন সাই অফিসারের সামনে গিয়ে শেষ হয়। র্যালিকে ঘিরে অংশগ্রহণকারীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় বলেন, জাতীয় ক্রীড়া দিবসকে কেন্দ্র করে আগরতলার ঐতিহ্যবাহী উজ্জয়ন্ত প্রাসাদ থেকে আয়োজিত ‘Sundays on Cycle’ কর্মসূচিতে অংশগ্রহণ করতে পেরে তিনি আনন্দিত।
তিনি বলেন, সুস্থ, সবল ও ফিট ভারত গড়ার লক্ষ্যে খেলাধুলা এবং নিয়মিত শরীরচর্চার গুরুত্ব অপরিসীম। তাই ক্রীড়া ও ফিটনেসকে শুধু বিশেষ দিনের কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ না রেখে প্রতিদিনের জীবনের অংশ করে তোলার আহ্বান জানান তিনি।
জাতীয় ক্রীড়া দিবসের অন্তিম দিনে এই সাইকেল র্যালির মাধ্যমে ক্রীড়া, স্বাস্থ্য ও ফিটনেসের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়।
