দীর্ঘ প্রতীক্ষার অবসান, মনুবনকুলে নবনির্মিত ফায়ার স্টেশনের উদ্বোধন

নবারুণ চক্রবর্তী, সাব্রুম, ৩০ আগস্ট || দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মনু বিধানসভার অন্তর্গত মনুবনকুলে নবনির্মিত মনুবনকুল ফায়ার স্টেশনের আনুষ্ঠানিক উদ্বোধন হলো রবিবার। ভার্চুয়াল মাধ্যমে নবনির্মিত ফায়ার স্টেশনের উদ্বোধন করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনু বিধানসভার বিধায়ক মাইলাফ্রু মগ, এমডিসি কাংজাওং মগ, এসডিএম সুমন রক্ষিত-সহ প্রশাসনের আধিকারিক এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
নতুন এই ফায়ার স্টেশন চালু হওয়ায় মনুবনকুল ও পার্শ্ববর্তী বিস্তীর্ণ এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশা পূরণ হলো। এতদিন অগ্নিকাণ্ড বা অন্যান্য জরুরি পরিস্থিতিতে দূরবর্তী ফায়ার স্টেশনের উপর নির্ভর করতে হতো এলাকাবাসীকে। ফলে দুর্ঘটনাস্থলে দমকলের গাড়ি পৌঁছাতে অতিরিক্ত সময় লাগত। নতুন ফায়ার স্টেশন চালু হওয়ায় এবার থেকে জরুরি পরিস্থিতিতে দ্রুত অগ্নিনির্বাপণ ও উদ্ধার পরিষেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
অগ্নিকাণ্ডের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ ও অন্যান্য জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধার ও সহায়তা প্রদানের ক্ষেত্রেও এই ফায়ার স্টেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে। এর ফলে মনুবনকুল ও সংলগ্ন এলাকার অগ্নিনিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী হবে।
নবনির্মিত ফায়ার স্টেশনকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও উৎসাহ ও আনন্দ লক্ষ্য করা যায়। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় এলাকার নিরাপত্তা ব্যবস্থায় এটি একটি গুরুত্বপূর্ণ সংযোজন বলে মনে করছেন তাঁরা।
স্থানীয়দের আশা, আগামী দিনে মনুবনকুল ফায়ার স্টেশনের মাধ্যমে এলাকার মানুষের জন্য দ্রুত, কার্যকর ও উন্নত জরুরি পরিষেবা নিশ্চিত হবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*