সাব্রুমে পুলিশের বড় সাফল্য, ধাওয়া করে ৫২ কেজি গাঁজাসহ বিলাসবহুল গাড়ি বাজেয়াপ্ত

বলরাম দেবনাথ, সাব্রুম, ৩০ আগস্ট || দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমায় পুলিশের বড়সড় সাফল্য। শ্রীনগর আউট পোস্টের পুলিশ ও ১২১ ব্যাটালিয়ন বিএসএফের যৌথ অভিযানে ধাওয়া করে একটি বিলাসবহুল মারুতি সেলেরিও গাড়ি থেকে প্রায় ৫২ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে। তবে যৌথ বাহিনীর তাড়া খেয়ে গাড়ি ফেলে পালিয়ে যায় চালক।
পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার সকাল প্রায় ৭টা নাগাদ সাব্রুম মহকুমার মাধবনগর এলাকায় মাধবনগর বিওপির নাকা পয়েন্টের সামনে নিয়মিত তল্লাশি চালাচ্ছিল শ্রীনগর আউট পোস্টের পুলিশ ও ১২১ ব্যাটালিয়ন বিএসএফের জওয়ানরা। শ্রীনগর আউট পোস্টের ওসি রূপক বৈদ্যের নেতৃত্বে চলছিল এই নজরদারি।
এসময় বিলোনিয়ার দিক থেকে শ্রীনগরের দিকে আসা একটি সবুজ রঙের মারুতি সেলেরিও গাড়ি নজরে আসে যৌথ বাহিনীর। গাড়িটির নম্বর TR-01-AR-0608। কর্তব্যরত পুলিশ ও বিএসএফ কর্মীরা গাড়িটিকে থামার সংকেত দিলে চালক গাড়ি না থামিয়ে আচমকাই ঘুরিয়ে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে।
বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় সঙ্গে সঙ্গে গাড়িটির পিছু নেয় পুলিশ ও বিএসএফের যৌথ দল। বেশ কিছুটা ধাওয়া করার পর অভয়নগর এলাকায় সুবাস দাস নামে এক ব্যক্তির বাড়ির চত্বরে গাড়িটি ফেলে দিয়ে ঝোপঝাড়ের সুযোগে পালিয়ে যায় চালক।
পরে ঘটনাস্থলে পৌঁছে গাড়িটিকে ঘিরে তল্লাশি চালায় যৌথ বাহিনী। গাড়ির পেছনের অংশ ও ডিকি খুলতেই উদ্ধার হয় দুটি বড় প্লাস্টিকের বস্তা। বস্তা খুলে তার ভিতর থেকে বিপুল পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া গাঁজার মোট ওজন প্রায় ৫২ কেজি। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য লক্ষাধিক টাকা বলে জানা গেছে।
ঘটনার খবর পেয়ে সাব্রুমের এসডিপিও দীপ্তনু বিশ্বাস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন। পরে উদ্ধার হওয়া গাঁজা ও মাদক পাচারে ব্যবহৃত গাড়িটি বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যায় পুলিশ।
পলাতক চালকের পরিচয় এবং গাড়িটির মালিকানা সম্পর্কে তথ্য সংগ্রহের পাশাপাশি এই মাদক পাচারের সঙ্গে কোনো বড় চক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে শ্রীনগর আউট পোস্টের পুলিশ। পলাতক চালকের সন্ধানে এলাকায় তল্লাশিও চালানো হচ্ছে।
সাব্রুমে পুলিশের এই অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধারের ঘটনায় মাদক পাচারকারীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*