বাজারে মহকুমা প্রশাসন ও পুলিশের যৌথ অভিযান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কড়া নজরদারি, নিষিদ্ধ প্লাস্টিকের বিরুদ্ধে অভিযান

বলরাম দেবনাথ, সাব্রুম, ৩০ আগস্ট || উৎসবের মরশুমের আগে বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা এবং নিষিদ্ধ প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে সাব্রুম বাজারে যৌথ অভিযান চালাল মহকুমা প্রশাসন ও পুলিশ। বৃহস্পতিবার সাব্রুম বাজারে আচমকা এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সাব্রুমের এসডিএম সুমন রক্ষিত এবং এসডিপিও দীপ্তনু বিশ্বাস। তাঁদের সঙ্গে প্রশাসন ও পুলিশের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিল।
অভিযান চলাকালীন বাজারের বিভিন্ন দোকানে গিয়ে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্য খতিয়ে দেখেন আধিকারিকরা। কোনো ব্যবসায়ী যাতে কৃত্রিমভাবে পণ্যের দাম বাড়িয়ে সাধারণ ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করতে না পারেন, সে বিষয়ে ব্যবসায়ীদের স্পষ্টভাবে সতর্ক করা হয়। পাশাপাশি, পণ্যের নির্ধারিত মূল্য ও বাজারদরের বিষয়ে সতর্ক থাকার জন্যও ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়।
অন্যদিকে, নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগের ব্যবহার ও মজুতের বিরুদ্ধেও অভিযান চালানো হয়। তল্লাশির সময় বেশ কয়েকটি দোকান থেকে নিষিদ্ধ প্লাস্টিক বাজেয়াপ্ত করা হয়। আইন অমান্যকারীদের সতর্ক করার পাশাপাশি কয়েকজন ব্যবসায়ীর বিরুদ্ধে জরিমানাও করা হয়েছে বলে জানা গেছে।
প্রশাসনের এই আকস্মিক অভিযানে বাজারের ব্যবসায়ী মহলে ব্যাপক সাড়া পড়ে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের স্বার্থ রক্ষা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং পরিবেশ সুরক্ষায় সাব্রুম মহকুমার বিভিন্ন বাজারে এ ধরনের অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে। নিয়ম ভাঙলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*