আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ আগস্ট || আগরতলা পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডের উদ্যোগে বিগত তিন বছরের ধারাবাহিকতায় এ বছরও শারদ উৎসবকে কেন্দ্র করে অনুষ্ঠিত হতে চলেছে শহর দক্ষিণাঞ্চল ভিত্তিক ৪র্থ শারদ সম্মান। সোমবার ৩৯ নম্বর ওয়ার্ড কমিউনিটি হলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান আগরতলার মেয়র দীপক মজুমদার। উপস্থিত ছিলেন ৩৯নং ওয়ার্ডের কর্পোরেটর অলক রায়। এদিন মেয়রের হাত ধরে উন্মোচিত হয় সেরার সেরা পুরস্কারের আবরণ।
এবারের প্রতিযোগিতায় বিষয়বস্তু হিসেবে থাকছে—শ্রেষ্ঠ মণ্ডপসজ্জা, শ্রেষ্ঠ প্রতিমা, স্বল্প বাজেটে শ্রেষ্ঠ পূজোর আয়োজন, শ্রেষ্ঠ পরিবেশ সচেতনতামূলক প্রচার, সুশৃঙ্খল পূজোর আয়োজন, বর্ষব্যাপী সামাজিক কাজের অঙ্গীকার এবং শ্রেষ্ঠ স্মরণিকা। প্রতিটি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীকে পুরস্কৃত করা হবে। এছাড়াও বিশেষ পুরস্কার হিসেবে থাকছে “উন্নত ভারতের ভিত্তি, মনীষীদের দীপ্তি” এবং সেবার সেরা পুরস্কার।
৩৯ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে শহর দক্ষিণাঞ্চলের সকল রেজিস্টারভুক্ত ক্লাব, সংস্থা ও পূজো কমিটিকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। আবেদনপত্র আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ৩৯ নম্বর ওয়ার্ড অফিসে জমা দেওয়া যাবে। প্রতিটি পূজো আয়োজক সংস্থা নিজ নিজ ওয়ার্ড অফিস থেকেও আবেদনপত্র সংগ্রহ করতে পারবে।
সাংবাদিক সম্মেলনে মেয়র দীপক মজুমদার ও ওয়ার্ড পারিষদ অলক রায় ছাড়াও উপস্থিত ছিলেন কর্পোরেটর অভিজিৎ মল্লিক ও কর্পোরেটর বাপি দাস।
