গোপাল সিং, খোয়াই, ১১ আগস্ট || দীর্ঘদিন ধরে চলা জনদুর্ভোগ এবং সংবাদমাধ্যমের লাগাতার প্রতিবেদনের পর অবশেষে টনক নড়ল জাতীয় সড়ক নির্মাণ সংস্থা NHIDCL-এর। আজ, খোয়াই-কমলপুর জাতীয় সড়কের বেহাল দশা সরেজমিনে খতিয়ে দেখতে এলেন সংস্থার ম্যানেজিং ডিরেক্টর (এমডি) ডক্টর কিষান কুমার (আইএএস) স্বয়ং। তাঁর সাথে ছিলেন রাজ্য সরকারের সচিব কিরণ গিত্যে, খোয়াইয়ের জেলাশাসক রজত পন্থ সহ এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। এদিন দুপুর প্রায় তিনটা নাগাদ এই উচ্চ পর্যায়ের দলটি খোয়াই-কমলপুর সড়কের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। রাস্তার খানাখন্দ, ভাঙা অংশ এবং সামগ্রিক বেহাল দশা তাঁদের সামনে প্রকট হয়ে ওঠে। সাধারণ মানুষের ভোগান্তির চিত্র অনুধাবন করে পরিদর্শন শেষে রাজ্য সরকারের সচিব কিরণ গিত্যে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আশ্বাস দেন যে, আগামী দুই থেকে তিন মাসের মধ্যেই রাস্তার মেরামতির কাজ সম্পন্ন করা হবে। তবে, এত কম সময়ে রাস্তাটির এমন বেহাল দশা কেন হলো, এই প্রশ্নের সরাসরি উত্তর এড়িয়ে যান সচিব। তিনি কেবল জানান, NHIDCL-এর এমডি স্বয়ং বিষয়টি অনুধাবন করতে এবং সরেজমিনে দেখতে এসেছেন। প্রশাসনের এই দেরিতে ‘ঘুম ভাঙা’ এবং তড়িঘড়ি পরিদর্শনের পর এখন সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন—এই আশ্বাস কি আদৌ বাস্তবায়িত হবে? নাকি এটিও অতীতের মতো শুধুই প্রতিশ্রুতির সার হয়ে থাকবে? প্রশ্ন জনগণের।
