আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ আগস্ট || রবিবার গোকুলনগর টিএসআর প্রথম ব্যাটেলিয়ান সংলগ্ন এলাকায় ঘটে যাওয়া মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান এক নবদম্পতি। ঘটনায় জড়িত ইকো গাড়ির চালক জীবন দেবনাথ (কিশোর) সোমবার সকালে তেলিয়ামুড়া থানায় আত্মসমর্পণ করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নবদম্পতি স্কুটিতে করে কসবা থেকে নৌকা ঘাট যাওয়ার পথে দ্রুতগামী ইকো ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ধাক্কা মারে। ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। এই হৃদয়বিদারক ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
অভিযুক্ত চালক পলাতক থাকলেও সোমবার সকালে থানায় গিয়ে আত্মসমর্পণ করে। পুলিশ সূত্রে জানা যায়, আইন অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘটনার পর থেকেই এলাকাবাসীর মধ্যে ক্ষোভ প্রবল। বহু মানুষের দাবি, গোকুলনগর এলাকায় যানবাহনের বেপরোয়া গতি রোধে কঠোর পদক্ষেপ নিতে হবে।
