ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসকের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগে রোগীর অভিভাবকের ধরনা

গোপাল সিং, খোয়াই, ২৯ আগস্ট || আবারও শিরোনামে ঊনকোটি জেলা হাসপাতাল। এবার কর্তব্যরত চিকিৎসকের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তুললেন রোগীর অভিভাবক। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে।
ঘটনার বিবরণে জানা যায়, কৈলাশহর মহকুমার ইসবপুর গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ডের পাখির বাধা গ্রামের বাসিন্দা বাবুল মিয়ার কন্যা সন্তান গত তিন দিন ধরে জ্বরে অসুস্থ ছিলেন। প্রথমে বাবুল মিয়া মেয়েকে নিয়ে কৈলাশহর রাজীব গান্ধী মেমোরিয়াল মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর ঔষধ প্রেসক্রাইব করেন। কিন্তু সেই ঔষধ খাওয়ানোর পরও জ্বর না কমায় শুক্রবার সকালে বাবুল মিয়া মেয়েকে নিয়ে ঊনকোটি জেলা হাসপাতালে আসেন।
অভিযোগ, সেখানে কর্তব্যরত চিকিৎসক রোগীকে যথাযথ চিকিৎসা না দিয়ে উল্টে বাবুল মিয়ার সঙ্গে দুর্ব্যবহার করেন এবং চিকিৎসা করতে অস্বীকৃতি জানান। এতে ক্ষুব্ধ হয়ে বাবুল মিয়া অসুস্থ কন্যাকে কোলে নিয়ে হাসপাতালের সামনে ধরনায় বসেন। তার দাবি, কর্তব্যরত চিকিৎসককে জনসমক্ষে ক্ষমা চাইতে হবে।
স্থানীয়দের অভিযোগ, রাজ্য সরকার চিকিৎসা ব্যবস্থাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বদ্ধপরিকর হলেও, কিছু স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকের উদাসীনতা ও দুর্ব্যবহারের কারণে বারবার প্রশ্নের মুখে পড়ছে চিকিৎসা ব্যবস্থা।
বাবুল মিয়ার অভিযোগ শুনতে ইতিমধ্যেই একাধিক মানুষ হাসপাতাল প্রাঙ্গণে ভিড় জমিয়েছেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে অভিযোগের বিষয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*