গোপাল সিং, খোয়াই, ০৫ অক্টোবর || খোয়াই জেলায় টিটিএএডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচন ২০২৬-এর ফলাফলে শাসক এনডিএ জোটের দাপট স্পষ্ট। জেলার বিভিন্ন ব্লকে তিপ্রা মথা ও বিজেপি উল্লেখযোগ্য সংখ্যক আসনে জয়লাভ করেছে। নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফল অনুযায়ী, খোয়াই জেলায় এককভাবে সর্বাধিক ৪৩৫টি আসনে জয় পেয়েছে তিপ্রা মথা, অন্যদিকে ২৩টি আসনে জয়ী হয়েছে বিজেপি। ফলে দুই দলের সমন্বয়ে গঠিত এনডিএ জোট জেলার ভিলেজ কাউন্সিলগুলিতে শক্তিশালী অবস্থান তৈরি করেছে।
খোয়াই জেলার বনবাজার ভিলেজ কমিটির ৯টি আসনের মধ্যে ৬টিতে বিজেপি জয়লাভ করেছে। বাকি ৩টি আসনে জয় পেয়েছে তিপ্রা মথা। অন্যদিকে আশারামবাড়ি ভিলেজ কমিটির ৯টি আসনের মধ্যে ২টি আসনে তিপ্রা মথা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়। বাকি ৭টি আসনে ভোটগ্রহণ হয়। সেখানে ৬টি আসনে বিজেপি এবং একটি আসনে নির্দল প্রার্থী জয়লাভ করেন।
জেলার সামগ্রিক ফলাফল বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে, পাহাড়ি রাজনীতিতে তিপ্রা মথার সাংগঠনিক প্রভাব এখনও যথেষ্ট শক্তিশালী। পাশাপাশি বিজেপিও বেশ কয়েকটি এলাকায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। ফলে এনডিএ জোটের সামগ্রিক রাজনৈতিক প্রভাব আরও সুদৃঢ় হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।
অন্যদিকে, ভিলেজ কাউন্সিল নির্বাচনের ফলাফলে বিরোধী দলগুলির দুর্বলতাও স্পষ্ট হয়ে উঠেছে। একসময়ের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত সিপিআই(এম) এবার মাত্র ১৭টি আসনে জয়লাভ করেছে। জাতীয় দল কংগ্রেসের ঝুলিতে এসেছে মাত্র ১০টি আসন। আইপিএফটি জয় পেয়েছে ৯টি আসনে। ফলে পাহাড়ের রাজনীতিতে বিরোধী দলগুলির সাংগঠনিক অবস্থান নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
খোয়াই জেলার ব্লকভিত্তিক ফলাফল:
তিপ্রা মথা: পদ্মবিল — ১৩৩টি আসন, তুলাশিখর — ১২০টি আসন, মুঙ্গিয়াকামী — ১০৬টি আসন, কল্যাণপুর — ৪৪টি আসন, তেলিয়ামুড়া — ৩২টি আসন। সর্বমোট — ৪৩৫টি আসন।
বিজেপি: তুলাশিখর — ৯টি আসন, কল্যাণপুর — ৭টি আসন, পদ্মবিল — ৪টি আসন, তেলিয়ামুড়া — ২টি আসন, মুঙ্গিয়াকামী — ১টি আসন। সর্বমোট — ২৩টি আসন।
সব মিলিয়ে, খোয়াই জেলার ভিলেজ কাউন্সিল নির্বাচনের ফলাফলে তিপ্রা মথা ও বিজেপির জোটগত শক্তি স্পষ্ট হয়েছে। একইসঙ্গে বিরোধী দলগুলির ফলাফল পাহাড়ি রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল।
