গোপাল সিং, খোয়াই, ০৪ অক্টোবর || করবুক মহকুমার নতুনবাজার থানাধীন রামভদ্র এলাকায় রহস্যজনকভাবে গুলিবিদ্ধ হয়েছে সপ্তম শ্রেণির এক নাবালক ছাত্র। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, রবিবার করবুক মহকুমার বিসিংগো রামভদ্র কামি ও চুরাই এলাকায় মোবাইল সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে গুলি চালানোর ঘটনা ঘটে। সেই ঘটনাতেই সপ্তম শ্রেণির ওই ছাত্র গুলিবিদ্ধ হয়ে আহত হয় বলে জানা গেছে।
গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তার চিকিৎসা চলছে বলে জানা গেছে।
ঘটনার প্রকৃত কারণ কী এবং কীভাবে ওই নাবালক গুলিবিদ্ধ হলো, তা নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনায় কারা জড়িত, গুলি কীভাবে চলল এবং এর পেছনে মোবাইল সংক্রান্ত বিরোধই মূল কারণ কি না—তা খতিয়ে দেখছে পুলিশ।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
