আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ আগস্ট || ভালোবাসার সম্পর্ক, পারিবারিক সম্মতি, এমনকি আশীর্বাদ—সবই হয়েছিল। কিন্তু শেষমেশ বিয়েতে অস্বীকার করলেন বাধারঘাটের বিজেপি কর্মী দ্বীপ সুর। এর পর থেকেই প্রতারিত যুবতী এবং তার মা ন্যায়ের সন্ধানে দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন।
কয়েকদিন আগে আমতলী মহিলা থানার দ্বারস্থ হলেও, অভিযোগকারীদের দাবি, সেখানে উল্টে পুলিশই তাদের লাঞ্ছিত করেছে। সেই অপমানে মা-মেয়ে রাস্তায় বসে প্রতিবাদে সামিল হন। প্রায় ১০ দিন আগে একই অভিযোগ নিয়ে পশ্চিম মহিলা থানাতেও যান তারা। কিন্তু তাতেও কোনো সুরাহা মেলেনি। অভিযোগ, থানায় জানালেও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি।
নির্যাতিতা ও তার মায়ের অভিযোগ, অভিযুক্ত দ্বীপ সুর প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং নিয়মিত হুমকি দিচ্ছে। তবে পুলিশের বক্তব্য, অভিযুক্ত পলাতক।
এই পরিস্থিতিতে হতাশ নির্যাতিতা শেষ পর্যন্ত মহিলা থানার সামনে দাঁড়িয়ে হুঁশিয়ারি দিয়েছেন—যদি অভিযুক্তের শাস্তি না হয় তবে তিনি প্রকাশ্যে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করবেন।
উল্লেখ্য, নির্যাতিতার বাড়ি বাধারঘাট মাতৃপল্লীতে।
