আপডেট প্রতিনিধি, উদয়পুর, ২২ সেপ্টেম্বর || সোমবার দেশজুড়ে আলোচিত এক ঐতিহাসিক অনুষ্ঠানে প্রসাদ প্রকল্পের আওতায় নবনির্মিত মাতা ত্রিপুরেশ্বরী মন্দির কমপ্লেক্সের পরিকাঠামো ও সৌন্দর্যায়নের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে তিনি দেশবাসীর কল্যাণে মায়ের চরণে পূজো নিবেদন করেন।
উল্লেখ্য, ২০২১ সালে ভারত সরকারের পর্যটন মন্ত্রণালয় প্রসাদ প্রকল্পের অধীনে এই উন্নয়নমূলক প্রকল্প অনুমোদন করে। পরে পরিকল্পনায় কিছু সংশোধন আনা হয়। প্রকল্পের মোট ব্যয় ৫৪.০৪ কোটি টাকা, যার মধ্যে ৩৪.৪৩ কোটি অর্থায়ন করেছে কেন্দ্র এবং ১৭.৬১ কোটি রাজ্য সরকার।
প্রধানমন্ত্রী এদিন দুপুরে আগরতলার এমবিবি বিমানবন্দরে অবতরণ করেন। সেখানেই তাঁকে স্বাগত জানান আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, মুখ্যসচিব, পশ্চিম ত্রিপুরার জেলা শাসক ডা. বিশাল কুমার ও পুলিশের মহানির্দেশক। এরপর হেলিকপ্টারে তিনি পালাটানার ওটিপিসি-তে যান, যেখানে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা ও রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু তাঁকে অভ্যর্থনা জানান। সেখান থেকে প্রধানমন্ত্রী সরাসরি উদয়পুরের মন্দির প্রাঙ্গণে পৌঁছে পূজো দেন এবং আনুষ্ঠানিকভাবে নব রূপে সজ্জিত মাতা ত্রিপুরাসুন্দরী মন্দির কমপ্লেক্সের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, সাংসদ বিপ্লব কুমার দেব, সাংসদ রাজীব ভট্টাচার্য, পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু সহ অন্যান্য বিশিষ্টজনেরা।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে উদয়পুর শহরজুড়ে সাজ সাজ রব। মন্দির প্রাঙ্গণ থেকে শুরু করে গোটা শহরে নেওয়া হয়েছিল নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। ব্রহ্মা বাড়ি থেকে মন্দির পর্যন্ত যান চলাচলও সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
মন্দিরে পূজো অর্চনা শেষ করে প্রধানমন্ত্রী বিশেষ বায়ুসেনার বিমানে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন।
