গোপাল সিং, খোয়াই, ২৩ সেপ্টেম্বর || ত্রিপুরায় নেশা বিরোধী অভিযানে আবারও বড় সাফল্য পেল খোয়াই জেলার কল্যাণপুর থানার পুলিশ। তিনটি পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ ও দেশি চোলাই মদ উদ্ধার করা হয়েছে, পাশাপাশি গ্রেফতার হয়েছে মোট ৬ জন।
প্রথম ঘটনায়, ডব্লিউ/এএসআই হিমানি দেববর্মা’র নেতৃত্বে অভিযান চালিয়ে ১৪ বোতল বিদেশি মদ বাজেয়াপ্ত করা হয়। একইসাথে একজনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ধারা ৬৯ টিই অ্যাক্ট ও ৪৫ টিই অ্যাক্টে মামলা রুজু হয়েছে। দ্বিতীয় ঘটনায়, এসআই অঞ্জন দেববর্মা ও এএসআই দ্বিজু কুমার দাস কল্যাণপুর থানার ইয়াখরাই বাজার এলাকায় অভিযান চালান।
সেখান থেকে একটি পরিত্যক্ত জায়গা থেকে প্রায় ৪০ লিটার দেশি চোলাই মদ উদ্ধার করা হয়। একই সঙ্গে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে ধারা ৯০(২) টিপি অ্যাক্টে। তৃতীয় ঘটনায়, আবারও একই পুলিশ দল কল্যাণপুর থানার কমলনগর এলাকায় অভিযান চালিয়ে ৪৬ বোতল বিদেশি মদ বাজেয়াপ্ত করে। এসময় আরও একজনকে গ্রেফতার করা হয় এবং তার বিরুদ্ধে ধারা ৬৯ টিই অ্যাক্ট ও ৪৫ টিই অ্যাক্টে মামলা রুজু করা হয়েছে।
এ প্রসঙ্গে কল্যাণপুর থানার পুলিশ জানিয়েছে, এলাকায় নেশা বিরোধী অভিযান আরও জোরদার করা হবে এবং এরকম অবৈধ মদের কারবার রুখতে নিয়মিত অভিযান চলবে।
