ঐতিহাসিক মুহূর্ত ত্রিপুরার মিউজিক ভিডিও’তে — প্রথমবার পর্দায় মানব রূপে মা ত্রিপুরেশ্বরী!

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ অক্টোবর || ত্রিপুরার সাংস্কৃতিক ইতিহাসে এক অনন্য অধ্যায় রচনা হলো। রাজ্যের বিনোদন জগতে প্রথমবারের মতো ৫০০ বছর প্রাচীন ত্রিপুরাসুন্দরী মন্দিরের অধিষ্ঠাত্রী দেবী মা ত্রিপুরেশ্বরী–কে মানব রূপে তুলে ধরা হয়েছে পর্দায়। প্রস্থেটিক মেকআপের সাহায্যে সৃষ্ট এই রূপায়ণ ইতিমধ্যেই তুমুল আলোড়ন ফেলেছে রাজ্য জুড়ে।
দীপাবলিকে সামনে রেখে প্রকাশিত সাত মিনিটের এই মিউজিক ভিডিওটি শুধু ভক্তিমূলক আবহেই ভাসিয়ে দেয়নি, বরং তার অসাধারণ সিনেমাটোগ্রাফি, সঙ্গীত, ও প্রযুক্তিগত মুন্সিয়ানার জন্যও দর্শক মহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
ভিডিওটির কনসেপ্ট ও গল্প রচনা করেছেন অনির্বাণ ভৌমিক। চিত্রগ্রহণ, সম্পাদনা ও ভিএফএক্সের দায়িত্বে ছিলেন আদর্শ রায়। দেবী ত্রিপুরাসুন্দরীর চরিত্রে অভিনয় করেছেন নমিতা দেবনাথ, যিনি প্রস্থেটিক মেকআপের মাধ্যমে দেবীর অবতারকে জীবন্ত করে তুলেছেন। মেকআপে ছিলেন Glamour World-এর মিতাদ্রু সেনগুপ্ত।
গানে কণ্ঠ দিয়েছেন কিশান দাস, যিনি সঙ্গীত পরিচালনা ও সুরারোপও করেছেন। গানের কথা লিখেছেন সৈকত সরকার। মিউজিক, মিক্সিং ও মাস্টারিংয়ের দায়িত্বে ছিলেন তপস ধর। পারকাশনে কৌশিক বনিক, বাঁশিতে অনিকেত দাস এবং ব্যাঞ্জোতে শুভম পাল তাঁদের সুরের ছোঁয়ায় গানটিকে আরও মনোমুগ্ধকর করে তুলেছেন।
প্রযোজনা পরিচালনায় ছিলেন বিশ্বজিৎ দাস ও অমলাঞ্জিৎ নিয়োগী।
ভিডিওটির মুখ্য চরিত্রে রয়েছেন অনির্বাণ ভৌমিক। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন জেনিভা দাস, শুভব্রত চক্রবর্তী, রেখাম দে চৌধুরী, রাজত দে, দীপ গোস্বামী, নবারুণ চক্রবর্তী, উৎপল দে, তুলি নাথ, সাগর রক্ষিত, বিশ্বজিৎ দাস এবং তন্ময় চক্রবর্তী।
ভিডিওটি প্রকাশের পর থেকেই দর্শকরা মুগ্ধ প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নির্মাতাদের সোশ্যাল মিডিয়া পেজ।
অনির্বাণ ভৌমিক বলেন, “মায়ের আশীর্বাদ এবং আপনাদের ভালোবাসা আমাদের প্রেরণার উৎস। পুরো টিমের পক্ষ থেকে সকলকে জানাই দীপাবলীর আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা।”
তিনি বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন বিধায়ক অভিষেক দেবরায়কে, যাঁর উৎসাহ ও সহায়তা এই সৃষ্টিকে আরও সমৃদ্ধ করেছে।
দর্শক ও ভক্তদের মতে, এটি শুধু একটি মিউজিক ভিডিও নয় — বরং এক আধ্যাত্মিক অনুভূতির সিনেম্যাটিক উদযাপন, যা ত্রিপুরার সংস্কৃতি ও ভক্তি ভাবনাকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*