সামান্য বৃষ্টিতেই জলমগ্ন রাস্তা, কুশারঘাটে পথ অবরোধে যানচালক ও স্থানীয়রা

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৭ মে || সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ছে কুশারঘাট এলাকার গুরুত্বপূর্ণ সড়ক। ফলে বাইখোড়া থেকে মুহুরীপুর যাতায়াতকারী সাধারণ মানুষ, যানচালক ও স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে। দীর্ঘদিন ধরে সমস্যার সমাধান না হওয়ায় ক্ষোভে ফেটে পড়ে মঙ্গলবার সকাল থেকে পথ অবরোধে বসেন স্থানীয় বাসিন্দা ও যানচালকরা।
অভিযোগ, রাস্তার উপর জল জমে থাকার কারণে প্রায়ই যানবাহন বিকল হয়ে পড়ছে এবং যাতায়াত ব্যাহত হচ্ছে। স্থানীয়দের দাবি, বহুবার জনপ্রতিনিধি ও প্রশাসনের বিভিন্ন স্তরে বিষয়টি জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
শুধু যানচালক নয়, এই সড়ক ব্যবহারকারী সাধারণ মানুষ ও কুশারঘাট বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও প্রতিদিন সমস্যার সম্মুখীন হচ্ছে। দ্রুত জল নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন তারা।
অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান শান্তিরবাজার মহকুমা শাসকের কার্যালয়ের ডি সি এম পবিত্র দাস। তবে স্থানীয়দের অভিযোগ, তাঁর উপস্থিতিতেও সমস্যার তাৎক্ষণিক সমাধানের কোনো আশ্বাস মেলেনি।
বিক্ষোভকারীদের দাবি, আপাতত রাস্তার জল সরাতে পর্যাপ্ত পাইপ বসানো হোক অথবা স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত পাম্প মেশিনের মাধ্যমে জল নিষ্কাশনের ব্যবস্থা করা হোক। তাদের বক্তব্য, প্রশাসন এখনও পর্যন্ত এ বিষয়ে কার্যকর উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছে।
স্থানীয়দের একটাই দাবি— দীর্ঘদিনের এই সমস্যা দ্রুত ও স্থায়ীভাবে সমাধান করে সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে হবে। এখন নজর প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*